২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র মামলায় পলাতক ছিনতাইকারীর ১০ বছরের দণ্ড

চট্টগ্রামে অস্ত্র আইনের একটি মামলায় এক ছিনতাইকারীকে ১০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2016, 06:12 PM

Updated : 20 Aug 2022, 02:22 PM

মঙ্গলবার চট্টগ্রামের মহানগর দায়রা জজ মো. শাহেনূর এ রায় দেন।

দণ্ডিত আসামি মিনহাজ পলাতক। তিনি দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার খলিলুর রহমানের ছেলে; থাকতেন খুলশী থানার ওয়ারলেস এক্সেস কলোনি এলাকায়।

মহানগর দায়রা জজ আদালতে পিপি ফখরুদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৮৭৮ সালের অস্ত্র আইনের (সংশোধিত ২০০২) ১৯ (এ) ধারায় করা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ সাজা দিয়েছেন।

মামলার নথিতে উল্লেখ আছে, একটি ছিনতাইয়ের ঘটনায় ২০১০ সালের ১২ অগাস্ট আসামি মিনহাজকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যমতে, খুলশীর থানার রেলওয়ে স্কুল শাহজাহান মাঠসংলগ্ন একটি ক্লাব ঘর থেকে অস্ত্র উদ্ধার করে পুলিশ। 

এর কয়েকদিন আগে খুলশীর রেলওয়ে ট্রেনিং সেন্টারের সামনে থেকে চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের এক কর্মচারীর টাকা ছিনিয়ে নিয়েছিল মিনহাজসহ একদল ছিনতাইকারী।

অস্ত্র উদ্ধারের ঘটনায় খুলশী থানার সেসময়ের এসআই আখতারুল ইসলাম বাদি হয়ে মামলাটি করেছিলেন।

এ মামলায় ২০১০ সালের ৩০ অগাস্ট আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।

মামলায় ছয় জনের সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার আদালত রায় দেন।