২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাখিদের সঙ্গে একদিন

নীল রঙা বড় লেজ ঝুলিয়ে হলুদ বুকের ম্যাকাও পাখি বসে আছে মালিকের ঘাড়ে। তাই দেখে আশেপাশে ভিড় করেছে শিশুরা। দর্শনার্থীদের অনুরোধে দাঁড়ের ওপর বসিয়ে দেওয়া হয় পাখিটিকে, তারপর শুরু হয় ছবি তোলার পালা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2016, 08:45 PM

Updated : 11 Oct 2022, 09:22 PM

শনিবার চট্টগ্রামে ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ক্যাম্পাসে আয়োজিত শৌখিন পাখি ও কবুতরের প্রদর্শনীতে দেখা যায় এই দৃশ্য।

চিটাগাং বার্ড ব্রিডার্স অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম ফেন্সি পিজিয়ান ব্রিডার্স অ্যাসোসিয়েশন এবং অ্যাসোসিয়েশন অব এভিয়ান ভেটেরিনারিয়ান্স ইন বাংলাদেশ যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করেছে।

২০১৪ সালে ডিসি হিলে প্রথম প্রদর্শনীর মাধ্যমে এই আয়োজনের যাত্রা শুরু। এবারের আয়োজন তৃতীয় বারের মতো এবং সিভাসু ক্যাম্পাসে এ নিয়ে দ্বিতীয় বারের মত বসল পাখিদের মেলা।

সিভাসু ক্যাম্পাসে পাখি দেখে, পাখির গান শুনে আর প্রশিক্ষণের নানা বিষয় জেনে দর্শনাথীদের দিন কেটেছে পাখিদের সঙ্গে।

রুবিনো রোজেলার আলতা রাঙা শরীরের ওপর সোনালি ফুটকি, যেন ক্যানভাসে আঁকা কোনো ছবি। খাচার ভেতর রুবিনো রোজেলার ছোটাছুটি নজর কেড়েছে সবার।

প্রদর্শনীতে শৌখিন পাখির তালিকায় ছিল বর্ণিল ম্যাকাও, সাদা কাকাতুয়া, লরিকেট, সান কন্যুর, ককাটিয়েল, জাভা, ফিঞ্চ আর ঘুঘু।

লাল রংয়ের চোখ আর ছাই রঙা শরীর নিয়ে রাগী চোখে তাকিয়ে ছিল ‘টার কুইমির’। আশেপাশে পেখম তুলে ঘুরছে নানা রংয়ের নানা প্রজাতির কবুতর।

ইংলিশ ক্যারিয়ারের পাশাপাশি খাচায় ছিল সিরাজি, হোয়াইট টপ, ফিজেন, ভিকটোরিয়া ক্রাউন আর সান কুনর।

বাবার সাথে পাখি দেখতে আসা সামদান বলে, “এত সুন্দর সুন্দর পাখি আর দেখিনি। যেগুলো বেশি সুন্দর লেগেছে সেরকম কতগুলো ছবি ‍তুলে নিয়েছি।”

সন্তানকে নিয়ে প্রদর্শনীতে আসা আরেক অভিভাবক আরিফুল ইসলাম, “ছুটির দিনে নগরীতে বেড়ানোর জায়গা তো খুব কম। ছেলে-মেয়েদের নিয়ে এলাম। ওরা খুব খুশি হয়েছে।”

চিটাগাং বার্ড ব্রিডার্স অ‌্যাসোসিয়েশনের সহ-সভাপতি জিয়া উদ্দিন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমাদের ৭৫ জন সদস্য প্রায় ৩০০ পাখি নিয়ে এখানে এসেছে।

“মানুষকে পাখি পালনের বিষয়ে জানাতেই আমাদের এ আয়োজন। সরকারি সহযোগিতা পেলে বাংলাদেশ থেকে শৌখিন পাখি রপ্তানি করাও সম্ভব।”

আগ্রাবাদ বেপারিপাড়া ‘কবুতর বাড়ি’র স্বত্ত্বাধিকারী ও চট্টগ্রাম ফেন্সি পিজিয়ন ব্রিডার্স অ‌্যাসোসিয়েশনের উপদেষ্টা আবদুল মালেক বলেন, ৬০ জন সদস্য শদুয়েক কবুতর নিয়ে এবার অংশ নিয়েছে।

প্রদর্শনীর উদ্বোধন করে চট্টগ্রামের জেলা প্রশাসক সামসুল আরেফিন বলেন, পাখি পালন করলে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডে আগ্রহী হবে না। পাখি পালনে তরুণ প্রজন্ম শুধু আত্মনির্ভরশীল হচ্ছে তাই না, আর্থিকভাবে লাভবানও হচ্ছে। 

অনুষ্ঠানে অ‌্যাসোসিয়েশন অব এভিয়ান ভেটেরিনারিয়ান্স ইন বাংলাদেশের সভাপতি অধ্যাপক ভজন চন্দ্র দাশ, সিভাসু উপাচার্য অধ্যাপক গৌতম বুদ্ধ দাশ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেয়াজুল হকসহ অ‌ন‌্যরা উপস্থিত ছিলেন।

প্রদর্শনীর অংশ হিসেবে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় অধ্যাপক একেএম সাইফুদ্দীন, অধ্যাপক মো. মাসুদুজ্জামান ও ডা. সুলতান মাহমুদ আকন্দকে পোল্ট্রি প্রেকটিশনার অ্যাওয়ার্ড এবং অধ্যাপক আ ন ম আমিনুর রহমানকে বণ্যপ্রাণি সংরক্ষণ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।