২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর ছবি টাঙানো নিয়ে বিবাদে পণ্ড বিপিসি শ্রমিক-কর্মচারী সভা

বঙ্গবন্ধুর ছবি টাঙানো নিয়ে বিবাদে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) শ্রমিক কর্মচারীদের বার্ষিক সাধারণ সভা (এজিএম) পণ্ড হয়ে গেছে। বঙ্গবন্ধুর ছবি টাঙানো নিয়ে বিবাদে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) শ্রমিক কর্মচারীদের বার্ষিক সাধারণ সভা (এজিএম) পণ্ড হয়ে গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2016, 10:27 PM

Updated : 20 Aug 2022, 02:18 PM

বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম বন্দরের ৪ নম্বর গেট সংলগ্ন বিপিসি কার্যালয়ে বিপিসি শ্রমিক কর্মচারী ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা (এজিএম)  চলাকালে এ ঘটনা ঘটে।

ইউনিয়নের সভাপতি মানিক চন্দ্র সুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সভা চলাকালে আমাদের সদস্য ও মুক্তিযোদ্ধার সন্তান মীর নঈম সিরাজী ইউনিয়ন কার্যালয়ে বঙ্গবন্ধুর ছবি টাঙানো বিষয়ে বক্তব্য দেন।

“তার বক্তব্য শেষ হওয়ার আগেই মো. নুরুজ্জামান তেড়ে আসেন এবং নঈম সিরাজীকে মারতে উদ্যত হন। এরপর দুই পক্ষে হাতাহাতি হয়েছে। ঘটনার পর নুরুজ্জামান ও তার পক্ষের লোকজন নঈম সিরাজীকে হুমকি দিয়ে চলে যায়।”

ঘটনার বিষয়ে জানতে চাইলে মীর নঈম সিরাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সভার অনুমতি নিয়ে আমি বক্তব্য দিচ্ছিলাম। বক্তব্যের একপর্যায়ে আমি বলি- বর্তমান ইউনিয়নের নেতারা কার্যালয়ে বঙ্গবন্ধুর ছবি টাঙিয়েছেন। 

“তার আগের নেতারা কখনো বঙ্গবন্ধুর ছবি টাঙায়নি। এই ছবি যেন সবসময় থাকে। জাতির পিতাকে যেন আমরা ভবিষ্যতেও এই ভাবেই সম্মান জানাতে পারি।”

মীর নঈম সিরাজী জানান, বক্তব্যের ওই পর্যায়ে নুরুজ্জামান বলেন- এখনই ওই ছবি (বঙ্গবন্ধুর) নামিয়ে ফেলতে হবে। তিনি আমাকে গালিগালাজ করেন এবং ‘খেয়ে ফেলবেন’ বলে হুমকি দেন।

ঘটনার বিষয়ে জানতে চাইলে বিপিসির শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভা সম্পর্কে কিছু জানেন না বলে দাবি করেন বন্দর থানার ওসি ময়নুল ইসলাম।

ঘটনার পর বিপিসি শ্রমিক কর্মচারী ইউনিয়নের কার্যালয়ে যান বাংলাদেশ অয়েল অ্যান্ড গ্যাস ওয়ার্কার্স ফেডারেশনের মহাসচিব এয়াকুবসহ অন্যান্য নেতারা।

ইউনিয়নের সাধারণ সম্পাদক মজিবুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফেডারেশনে নেতাদের সাথে আলোচনা করে পরবর্তী করণীয় ঠিক করব।”

এ বিষয়ে জানতে নুরুজ্জামানের সাথে যোগাযোগের চেষ্টা করেও তার মন্তব্য পাওয়া যায়নি। নুরুজ্জামান ইউনিয়নের সদস্য এবং বিপিসির পরিচালক (মার্কেটিং) মীর আলী রেজার গাড়ি চালক।