২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সনদ বাতিলের বিজ্ঞপ্তি: উদ্বিগ্ন না হতে পরামর্শ ইডিইউর

বেসরকারি ১৮ বিশ্ববিদ্যালয়ের সনদ বাতিল করে দেওয়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বিজ্ঞপ্তিতে চট্টগ্রামের বেসরকারি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) নাম থাকলেও তাতে শিক্ষার্থীদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2016, 08:26 PM

Updated : 20 Aug 2022, 02:19 PM

বুধবার গণমাধ্যমে পাঠানো ইডিইউর জনসংযোগ কর্মকর্তা মহিউদ্দিন জুয়েল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

উপাচার্য না থাকার কারণ দেখিয়ে গত সপ্তাহে বেসরকারি ১৮ বিশ্ববিদ্যালয়ের সনদ বাতিল করে বিজ্ঞপ্তি দেয় ইউজিসি। এতে রাষ্ট্রপতির অনুমোদনপ্রাপ্ত পূর্ণকালীন উপাচার্য নিয়োগ দিয়ে নতুনভাবে ওই সব সনদ নতুনভাবে ইস্যু করতেও নির্দেশনা দেওয়া হয়।

এ প্রসঙ্গে ইউডিইউ কর্তৃপক্ষ বলছে, বর্তমান উপাচার্য বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি কর্তৃক সর্বশেষ অনুমোদন প্রাপ্ত।

তাদের বিবৃতিতে বলা হয়, “ইডিইউ কর্তৃপক্ষ দৃঢ়তার সাথে জানাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভাইস চ্যান্সেলর (ভিসি) মহামান্য চ্যান্সেলর বা রাষ্ট্রপতি কর্তৃক সর্বেশষ অনুমোদন প্রাপ্ত।

“ভিসির পুনঃনিয়োগের বিষয়টিও বেসরকারি বিশ্ববিদালয় অ্যাক্ট ২০১০ এর ধারা ৩০(৫) এবং ধারা ৩১ এর (১)(৩)(৪)ও(৫) উপধারা মতে শিক্ষা মন্ত্রণালয়য়ের মাধ্যমে চ্যান্সেলরের অনুমোদনের অপেক্ষায় আছে।”

এতে আরও বলা হয়, বেসরকারি বিম্ববিদ্যালয় অ্যাক্ট ২০১০ এর ৩০(৩) অনুসারে- বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডিগ্রি প্রদানের প্রতিটি প্রস্তাবে চ্যান্সেলরের সম্মতি থাকতে হবে।

“এই উপধারা মেনে ইডিইউ কর্তৃপক্ষ এখন পর্যন্ত শুধুমাত্র সাময়িক সনদ বা প্রভিশনাল সার্টিফিকেট ইস্যু করেছে যেখানে উপাচার্যের স্বাক্ষর এর কোনো প্রয়োজনীয়তা নেই।”

২০১৭ সালের জানুয়ারিতে চট্টগ্রাম নগরীর নাসিরাবাদের মোজাফফর নগর এলাকায় ইডিইউ মূল ক্যাম্পাসে স্থানান্তরের প্রস্তুতি চলছে বলে বিবৃতি জানানো হয়।

পাশাপাশি ২০১৭ সালের শেষ দিকে চ্যান্সেলরের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

শিক্ষার্থী ও অভিভাবকদের আশ্বস্ত করে তাদের বিবৃতিতে বলা হয়, “ইডিইউ কর্তৃপক্ষ দৃঢ়ভাবে আশ্বস্ত করছে যে, ইউজিসি’র প্রকাশিত বিজ্ঞপ্তিতে শিক্ষার্থী ও অভিভাবকদের আতংকিত বা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।”