মিয়ানমারে ‘গণহত্যা’ বন্ধের দাবি চট্টগ্রাম সিপিবির
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর ‘গণহত্যা’ বন্ধ করতে সেদেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সিপিবি চট্টগ্রাম জেলা কমিটি।
বুধবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে মিয়ানমারে গণহত্যার প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলা কমিটি এই মানববন্ধন ও সমাবেশ আয়োজন করে।
সমাবেশে সভাপতির বক্তব্যে সিপিবি জেলা কমিটির সভাপতি ও দলের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মো. শাহ আলম বলেন, “রোহিঙ্গারা শত শত বছর ধরে বার্মার (মিয়ানমারের আগের নাম) নাগরিক। তারা সে অধিকার ভোগ করেছে কয়েকশ বছর।
“কিন্তু সেদেশে সামরিক সরকার আসার পর থেকে তাদের উপর অত্যাচার-নির্যাতন চলছে। এখনো গণহত্যা চলছে। এ নির্যাতন সীমাহীন। বিশ্ব মানবতার বিরুদ্ধে এক জঘন্য অপরাধ। মিয়ানমারের সরকারকে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্তি করা দরকার।”
বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়ে সরকারকে নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়ে শাহ আলম বলেন, জঙ্গি ও মৌলবাদী গোষ্ঠী রোহিঙ্গাদের নানাভাবে ব্যবহারের চেষ্টা করছে।
“সরকারকে নজর রাখতে হবে এ সুযোগে নতুন করে যেন কোনো জঙ্গিগোষ্ঠীর উত্থান না হয়।”
দক্ষিণ-পূর্ব এশিয়ার সব দেশের সরকারকে এ বিষয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মিয়ানমার সরকারের ওপর সম্মিলিত চাপ সৃষ্টি করতে হবে, যাতে তারা এ সমস্যার সমাধান করে।
“একটি জনগোষ্ঠীকে এভাবে নিশ্চিহ্ন করা যায় না। অনেকদিন ধরে রোহিঙ্গাদের ভার বাংলাদেশ বহন করছে। বাংলাদেশের সমাজের ও রাষ্ট্রের নিরাপত্তা এখন হুমকিতে। আর বেশি ভার বহন করা বাংলাদেশের পক্ষে সম্ভব নয়।”
মিয়ানমারে রোহিঙ্গা হত্যা বন্ধের দাবিতে বাংলাদেশে দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান এই কমিউনিস্ট নেতা।
সমাবেশে সিপিবি নেতারা বলেন, রোহিঙ্গাদের ওপর হামলার ঘটনাকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা হচ্ছে। নজর রাখতে হবে এর জেরে বাংলাদেশে যেন কোনো সাম্প্রদায়িক হামলার ঘটনা না ঘটে।
সমাবেশে অন্যদের মধ্যে ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক ও সিপিবির জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য মো. মছিউদ্দৌলা ও অমৃত বড়ুয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক বেনু কুমার দে, জেলা সদস্য রাহাত উল্লাহ জাহিদ, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
