সিআইইউতে আন্তর্জাতিক শিক্ষার্থী বিনিময় কর্মসূচি
চট্টগ্রামের বেসরকারি চিটাগাং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) আন্তর্জাতিক শিক্ষার্থী বিনিময় কর্মসূচির আয়োজন করা হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে প্রথম বারের মত সিআইইউ’র আইন অনুষদের উদ্যোগে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠান চলছে।
১৬ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত এই কর্মসূচির অধীনে শনিবার বিশ্ববিদ্যালয়টির জামালখান ক্যাম্পাসে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়।
এছাড়া পাঁচদিন বিদেশি ও দেশি শিক্ষার্থীদের মানবাধিকার, সুশাসন, ন্যায়-পরায়নতা, দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে দেওয়ানি ও ফৌজদারি বিধি এবং সংবিধানসহ কয়েকটি বিষয়ে পাঠদানের আয়োজন করা হয়েছে।
পাঠদান করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কেএসএল, সিআইইউ’র শিক্ষকসহ বিষয় সংশ্লিষ্টরা।
শনিবারের মত বিনিময় সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদের সাবেক ডিন ও জুডিশিয়াল সার্ভিস কমিশনের সাবেক সদস্য অধ্যাপক মো. জাকির হোসেন বলেন, এ ধরনের আন্তর্জাতিক শিক্ষার্থী বিনিময়ের উদ্যোগ অনন্য।
“সার্কভুক্ত দেশগুলো তাদের শিক্ষার্থীদের আমেরিকার সংবিধান শিক্ষা দিলেও প্রতিবেশী দেশের সংবিধান সম্বন্ধে কোনো ধারণা প্রদান করে না। এই বিনিময় কার্যক্রমের মাধ্যমে সার্কভুক্ত দেশগুলোর শিক্ষার্থীরা পরস্পর পরস্পরকে জানতে পারবে।”
কাঠমাণ্ডু স্কুল অব ল’র সহকারী অধ্যাপক সুরাজ বাসনাত বলেন, এ ধরনের কার্যক্রম দুটি দেশের সংস্কৃতি, অর্থনীতি এবং আইন বিষয়ে শিক্ষার্থীদের ধারণা প্রদান করবে।
কাঠমাণ্ডু ল স্কুলের আরেক শিক্ষক ব্রিট্যান্স খানাল বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে অনেক সমস্যা বিরাজমান। পারস্পরিক আলোচনা ছাড়া এসব সমস্যার সমাধান সম্ভব নয়।
মত বিনিময় সভায় কেএসএল এবং সিআইইউ’র শিক্ষার্থীরাও অংশ নেন।
