২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম থেকে সরাসরি কলকাতা যাবে নভোএয়ারের ফ্লাইট

সপ্তাহে তিনদিন চট্টগ্রাম থেকে কলকাতায় সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে নভোএয়ার। সপ্তাহের শনি, সোম ও বুধবার চলবে এ ফ্লাইট।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2016, 03:29 PM

Updated : 25 Jul 2022, 09:32 PM

বৃহস্পতিবার চট্টগ্রামের আগ্রাবাদ হোটেলে সংবাদ সম্মেলনে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান আগামী ১৪ ডিসেম্বর থেকে চট্টগ্রাম-কলকাতা সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা দেন।

মফিজুর রহমান বলেন, “তিন বছর ধরে সফলতার সঙ্গে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার পর গত ডিসেম্বর থেকে মিয়ানমারের ইয়াঙ্গুনে প্রথম আন্তর্জাতিক ফ্লাইট শুরু হয়। এর ধারাবাহিকতায় দ্বিতীয় আর্ন্তজাতিক গন্তব্য হিসেবে কলকাতা রুটে ফ্লাইট চালু করতে যাচ্ছি।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, চট্টগ্রাম-কলকাতা-চট্টগ্রাম রুটে প্রমোশনাল অফারে একজন যাত্রীর সর্বনিম্ন ভাড়া পড়বে ১১ হাজার ৫৫৫ টাকা (শুল্কসহ)।

নির্ধারিত দিনে ফ্লাইটটি দুপুর দুইটা ৫০ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে কলকাতায় পৌঁছবে স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টায়। পরে কলকাতার স্থানীয় সময় বিকাল চারটা ২০ মিনিটে ছেড়ে চট্টগ্রামে পৌঁছাবে সন্ধ্যা ৬টা পাঁচ মিনিটে।

১ ডিসেম্বর থেকে ঢাকা থেকে সরাসরি কলকাতায় ফ্লাইট শুরুর কথাও জানান মফিজুর রহমান।

ঢাকা-কলকাতা-ঢাকা রুটে সপ্তাহের মঙ্গল, বৃহস্পতি, শুক্র ও রোববার বেলা দুইটা ২৫ মিনিটে ফ্লাইট ছেড়ে যাবে। প্রমোশনাল অফার হিসেবে এ রুটে আসা-যাওয়া মিলিয়ে ভাড়া পড়বে নয় হাজার ৯৯৯ টাকা।

সংবাদ সম্মেলনে নভোএয়ারের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস সোহেল মজিদ জানান, ভবিষ্যতে চট্টগ্রাম থেকে মিয়ানমারের ইয়াঙ্গুন এবং থাইল্যান্ডের চিয়াংমাইয়ে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে।

ছয়টি এয়ারক্রাফট দিয়ে দেশের সব অভ্যন্তরীণ রুটে নভোএয়ার ফ্লাইট পরিচালনা করছে উল্লেখ করে সোহেল মজিদ বলেন, “অভ্যন্তরীণ রুটে নির্ধারিত সময়ে বিমান ছেড়ে যাওয়াকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি।”

এছাড়া নভোএয়ার হলিডেজের পক্ষে শীতকালীন বিভিন্ন ছাড় ও আকর্ষণীয় সুবিধা দেওয়ার কথাও তিনি তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে নভোএয়ারের পরিচালক (কমার্শিয়াল) হারুনুর রশিদও উপস্থিত ছিলেন।