২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এসডিজি অর্জনে শারীরিকভাবে অসমর্থদের সঙ্গী করার আহ্বান

জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে শারীরিকভাবে অসমর্থদের সঙ্গী করার আহ্বান এসেছে চিটাগাং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) এক অনুষ্ঠান থেকে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2016, 07:07 PM

Updated : 20 Aug 2022, 02:15 PM

বৃহস্পতিবার নগরীর জামালখান ক্যাম্পাসে পাঁচ দিনব্যাপী আন্তজার্তিক শিক্ষার্থী বিনিময় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান এ কে খান অ্যান্ড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন কাশেম খান।

অতিথির বক্তব্যে তিনি বলেন, দক্ষিণ এশিয়ার ১৫ শতাংশ মানুষ শারীরিকভাবে অক্ষম। এ বিশাল জনগোষ্ঠীকে পেছনে ফেলে রেখে জাতিসংঘের ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়।

শারীরিকভাবে অক্ষমদের সহযোগিতায় আন্তজার্তিক সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে কাশেম খান বলেন, উন্নয়নযাত্রায় এ বিশাল জনগোষ্ঠীকেও সম্পৃক্ত করতে হবে।

একুশ শতককে ‘এশিয়ার শতক’ ‍উল্লেখ করে তিনি বলেন, বিশ্বের অর্থনীতি বর্তমানে পার্সিয়ান গাল্ফকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। গবেষণা বলছে ২০৫০ সালের মধ্যে বঙ্গোপসাগরকে কেন্দ্র করে বিশ্ব অর্থনীতির বলয় গড়ে উঠবে।

সিআইইউ’র আইন অনুষদ ও নেপালের কাঠমাণ্ডু স্কুল অব ল’ এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এ শিক্ষার্থী বিনিময় কার্যক্রমে নেপালের ২৩ শিক্ষার্থী ও ৩ জন শিক্ষক অংশ নেয়।

অন্যদিকে বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৩২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ডিন অধ্যাপক মো. জাকির হোসেন বলেন, আইন অনুষদের উদ্যোগে প্রথমবারের মত বাংলাদেশে এ শিক্ষার্থী বিনিময় কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে।

তিনি বলেন, সার্কভুক্ত দেশগুলোতে আমেরিকার সংবিধান সম্পর্কে ধারণা দেওয়া হলেও প্রতিবেশী দেশগুলোর সংবিধান সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয় না।

এ বিনিময় কার্যক্রম পরস্পরকে জানার যে ঘাটতি সেটা কাটিয়ে উঠতে সাহায্য করবে বলে আশাবাদ এ শিক্ষকের।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিআইইউ’র ব্যবসায় অনুষদের উপদেষ্টা ড. এম আইয়ুব ইসলাম, ডিন নুরুল আবসার নাহিদ ও কাঠমাণ্ডু স্কুল অব ল’র সহকারী অধ্যাপক সুরাজ বাসনাত।