২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নারী শিক্ষার্থীদের নিয়ে হল প্রোগ্রামিং ক্যাম্প

নারী শিক্ষার্থীদের প্রোগ্রামিং সম্পর্কে ধারণা দিতে তিন দিনের প্রোগ্রামিং ক্যাম্প করেছে চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2016, 08:16 PM

Updated : 20 Aug 2022, 02:13 PM

রোববার নগরীর জামালখান ক্যাম্পাসে ‘গ্রেস হপার প্রোগ্রামিং ক্যাম্প’ নামে এ ক্যাম্প শেষ হয় বলে সিআইইউ’র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিআইইউ’র ইঞ্জিনিয়ারিং স্কুল ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক যৌথভাবে এ ক্যাম্পের আয়োজন করে।

সমাপনী দিনে নারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন সিআইইউ’র উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী।

তিনি বলেন, প্রোগ্রামিংয়ের মত সেক্টরে মেয়েদের কাজ করার সুযোগ রয়েছে। একাগ্রতা ও নিষ্ঠা থাকলে প্রোগ্রামিংয়েও নারীরা সফল হয়ে উঠবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংসদ ওয়াসেকা আয়েশা খান এমপি, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নোভা আহমদ, সিআইইউ’র ইঞ্জিনিয়ারিং স্কুলের ডিন ড. নুরুজ্জামান ও সহকারী অধ্যাপক এমরান হারুন।

ক্যাম্পে অংশগ্রহণকারীদের প্রোগ্রামিংয়ের ডেটা স্ট্রাকচার, এলগরিদম ও বিভিন্ন প্রোগ্রামিং প্রতিযোগিতা সম্পর্কে ধারণা দেওয়া হয়।