থেমে থাকা টেম্পোতে বাসের ধাক্কা, ২ আরোহী নিহত
চট্টগ্রামের বাকলিয়ার নতুন ব্রিজ এলাকায় বেপরোয়া বাসের ধাক্কায় এক শিক্ষিকাসহ টেম্পোর দুই আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকের এ দুর্ঘটনায় আরও ১২ যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছেন ঘটনাস্থলে দায়িত্বরত বাকলিয়া থানার এএসআই সৈয়দ আহমদ।
নিহতরা হলেন- তানজিনা কামাল (৪০) ও মো. রহিম (৩৭)।
এদের মধ্যের তানজিনার স্বামীর বাড়ি বাঁশখালি উপজেলার গুনাগরি ইউনিয়নে। তিনি পটিয়া উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন।
আর নিহত রহিমের বাড়ি বাঁশখালি উপজেলায় বলে জানালেও তার সম্পর্কে বিস্তারিত আর কিছু জানাতে পারেনি পুলিশ।
এএসআই সৈয়দ আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কক্সবাজার থেকে চট্টগ্রামে ফিরছিল প্রিয়া পরিবহনের একটি বাস।
“নতুন ব্রিজ এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে টেম্পো স্ট্যান্ডে যাত্রী নিতে দাঁড়িয়ে থাকা দুইটি টেম্পোকে চাপা দিলে প্রায় ১৪ জন আহত হয়। আহতর সবাই টেম্পোর আরোহী।”
বাসটি আটক করতে পারলেও চালক পলাতক বলে জানান তিনি।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৩টার দিকে গুরুতর আহত প্রায় দশজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুইজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
