২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের বিজিএমইএ ভবন ঘেরাও পোশাক শ্রমিকদের

বকেয়া আদায় ও কারখানা খুলে দেওয়ার দাবিতে চট্টগ্রামে বিজিএমইএ ভবন ঘেরাও করেছে পোশাক শ্রমিকরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2016, 08:24 PM

Updated : 11 Oct 2022, 09:01 PM

বুধবার নগরীর খুলশি এলাকায় অবস্থিত বিজিএমইএ ভবন ঘেরাও করে প্রায় দুই শতাধিক শ্রমিক ভবন চত্বরে অবস্থান নেয়। সেখানে দাবিদাওয়া আদায়ে সমাবেশ করে তারা।  

নগরীর বহদ্দারহাট এলাকায় এশিয়ান গ্রুপভুক্ত ক্রন সোয়েটার লিমিটেড বেআইনি লে-অফ ও দুই মাসের বকেয়া বেতন আদায়ে নানা কর্মসূচি পালন করে আসছে শ্রমিকরা।

ভবন চত্বরে সমাবেশে ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রামের সাধারণ সম্পাদক মো. মছিউদদোলা বলেন, বেআইনিভাবে কারখানাকে লে-অফ ঘোষণা করে প্রায় দুই শতাধিক শ্রমিকের জীবনকে দুর্বিষহ করে তুলেছে মালিকপক্ষ।

অবিলম্বে শ্রমিকদের পাওনা আদায় ও কারখানা খুলে দিতে পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

সমাবেশ থেকে শ্রমিকদের একটি প্রতিনিধি দল বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

এসময় মালিকপক্ষ, শ্রমিকপক্ষ, বিজিএমইএ ও শ্রমদপ্তর কর্তৃপক্ষের সমন্বয়ে আগামী ২৪ নভেম্বর একটি বৈঠকের আশ্বাস দিলে শ্রমিকরা ঘেরাও প্রত্যাহার করে নেয়।

ঘেরাও কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রামের যুগ্ম সাধারণ সম্পাদক দিলীফ নাথ, সাংগঠনিক সম্পাদক রাহাতুল্লাহ জাহিদ, শ্রমিক নেতা রবিউল হোসেন, প্রকাশ ঘোষ, শহীদুল ইসলাম, জাহিদুল ইসলাম ও দীপন দাশ।