২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘দেশে গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র চলছে’

দেশে গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2016, 07:57 PM

Updated : 20 Aug 2022, 02:09 PM

সোমবার বিকালে নগরীর নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে ‘৭ নভেম্বর’  উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে বর্তমান সরকারকে অবৈধ বলেও আখ্যায়িত করেন তিনি।

শাহাদাত হোসেন বলেন, “তারা একদলীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে দেশে বাকশাল কায়েম করেছে। দেশের মানুষের ভোটাধিকার হরণ করে এখন রাজনৈতিক দলের সভা সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেছে।

“এ সরকার স্বৈরাচারী এরশাদ সরকারকেও হার মানিয়েছে। এ সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই জনগণের প্রতি দায়বদ্ধ নয়। তারা জনগণকে ভয় পায় বলে গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র চালাচ্ছে।”

সমাবেশ থেকে মহানগর বিএনপি’র সভাপতি শাহাদাত হোসেন লালদীঘি মাঠ, জেলা পরিষদ মার্কেট চত্বর ও কাজীর দেউরী মোড়ে দলের সমাবেশ করতে না দেওয়ার সমালোচনা করেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বেগম রোজি কবীর বলেন, এই জালিম সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। এই সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ। এই অবৈধ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম।

অন্যদের মধ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি নসরুল কাদের চৌধুরী, বিএনপি নেতা মোহাম্মদ মিয়া ভোলা, এম এ আজিজ, মোহাম্মদ আল মোহাম্মদ আলী, শেখ নুরুল্লাহ বাহার বক্তব্য রাখেন।