২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুদের বইয়ের ভারে পীড়িত না করার আহ্বান

শিশুদের পাঠ্য বইয়ের ভারে পীড়িত করা উচিত নয় বলে মন্তব্য করেছেন একুশে পদকপ্রাপ্ত সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2016, 10:50 PM

Updated : 20 Aug 2022, 02:08 PM

শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে চন্দ্রাবতী একাডেমি আয়োজিত দুই দিনব্যাপী ‘চন্দ্রাবতী শিশুসাহিত্য সম্মেলন ২০১৬’ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

এই সমাজবিজ্ঞানী গল্প শোনা ও মাঠের খেলাধুলায় শিশুদের আগ্রহ থাকলেও বর্তমান সময়ে সেই সুযোগ তারা পাচ্ছে না বলে মন্তব্য করে অনুষ্ঠানে এ বিষয়ে নিজের একটি অভিজ্ঞতার বর্ণনা দেন।

“শিশুদের পাঠ্য বইয়ের ভারে পীড়িত করা উচিত নয়। তাদের কল্পনার জগৎ হবে অবারিত। আমার বাসায় প্রায় সময় দুটি শিশু আসে। একজনের বয়স সাড়ে তিন বছর। বাসায় এসেই সে স্মার্ট ফোনটি নিয়ে ওয়াইফাই চালু করে নার্সারি সংস (গান) শুনতে থাকে।

“তাক কিছুতেই থামানো যায় না। অন্য কিছুতেই তার আগ্রহ নেই। একদিন তাকে আমি রাক্ষসের গল্প বলার চেষ্টা করলাম। সে অবাক হয়ে শুনতে লাগলো। গল্প শোনায় তার আগ্রহ আছে।”

অনুপম সেন বলেন, “শৈশবে আমরা মাঠে খেলেছি। পুকুরে এমনকি কর্ণফুলীতে সাঁতার কেটেছি। আজকের শিশুরা তো মাঠ পাচ্ছে না। তাদের মাঠ দরকার। কল্পনার জগতকে সমৃদ্ধ করতে বই দরকার।”

অনুষ্ঠানে চন্দ্রাবতী একাডেমি শিশুসাহিত্য পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক আবুল মোমেন বলেন, “আমাদের শিক্ষা ব্যবস্থা শিশু নির্জীবকরণ প্রক্রিয়া। শ্রেণি নির্বিশেষে শিশুরা বঞ্চিত।

“তারা অ্যাপার্টমেন্টে বন্দি, স্কুল হলো কারাগার। শিক্ষার্থীরা সবাই এখন পরীক্ষার্থী। তাদের মূল কাজ জিপিএ ৫ পাওয়া। বন্দি শৈশবে তাদের আকাঙ্ক্ষাও বন্দি হয়ে যাচ্ছে। এর বিস্ফোরণ হবেই।”

সাংবাদিক আবুল মোমেন বলেন, এখন সবাই ব্যস্ত নিজের আখের গোছানোতে। এমন পরিস্থিতিতে সাহিত্য পাঠের অভ্যাস চলে যাচ্ছে। বই পড়া আর না পড়াদের মধ্যে মূল্যবোধের ফারাক তৈরি হচ্ছে।

সম্মেলনের উদ্বোধক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, শিশু সাহিত্যের ফল্গু ধারা কখনো শুকিয়ে যায়নি। তা আজও বহমান।

“চন্দ্রাবতী একাডেমি শিশুসাহিত্য পুরস্কার অল্পদিনেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পুরস্কার কাদের দেওয়া হচ্ছে তার ভিত্তিতেই তা বিবেচিত হয়। চন্দ্রাবতী যাদের পৃরস্কৃত করছে তারা সবাই শিশু সাহিত্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।”

সম্মেলনে লেখক শাহ্‌জাহান কিবরিয়া, সাহিত্যিক সেলিনা হোসেন এবং আবুল মোমেনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অধ্যাপক আনিসুজ্জামান।

শাহ্‌জাহানা কিবরিয়া অসুস্থ থাকায় তার পক্ষে পুরস্কার নেন শিশু সাহিত্যিক সুজন বড়ুয়া।

সাহিত্যিক সেলিনা হোসেন বলেন, বিরুদ্ধ সময়ে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিশু সাহিত্যিক আমীরুল ইসলাম, ফারুক হোসেন, সাংবাদিক জাহিদ রেজা নূর, সম্মেলন কমিটির চেয়ারম্যান রাশেদ রউফ ও চন্দ্রাবতী একাডেমির নির্বাহী পরিচালক কামরুজ্জামান কাজল।

এরপর শুক্রবার রাতের অধিবেশনে স্বরচিত কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কবি আসলাম সানী।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলা শিশু সাহিত্যের দুইশ বছর পূর্তিতে চন্দ্রাবতী একাডেমির পক্ষ থেকে আগামী দুই বছরে দুইশ বই প্রকাশ করা হবে। এরমধ্যে এবারের সম্মেলনে ২০টি প্রকাশিত হবে।