২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গ্রেপ্তার ৩ খাদ্য পরিদর্শক কারাগারে

চট্টগ্রামে ন্যায্য মূল্যে চাল বিক্রির সরকারি কর্মসূচিতে অনিয়মের অভিযোগে গ্রেপ্তার তিন খাদ্য কর্মকর্তা ও দুই ডিলারকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2016, 08:39 PM

Updated : 20 Aug 2022, 02:08 PM

এরা হলেন- খাদ্য পরিদর্শক শুভজিৎ দে, মো. শাহনেওয়াজ ও মো. শাহাবুদ্দিন এবং ডিলার মো. জাহাঙ্গীর ও সৈয়দ মোহাম্মদ মারুফ।

চট্টগ্রাম মহানগর হাকিম আবু ছালেহ মোহাম্মদ নোমান শুক্রবার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের রাষ্ট্রপক্ষের আইনজীবী কাজী সানোয়ার আহমেদ লাভলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেছিলেন। আদালত তা নাকচ করে দিয়ে গ্রেপ্তার পাঁচজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

“দুদক আইন ও ৫৪ ধারায় আটক দেখিয়ে তাদের আদালতে হাজির করা হয়েছিল। তাই রিমান্ডের আবেদন করা হয়নি।”

মঙ্গলবার চাল বিক্রির সরকারি কর্মসূচিতে ডিলারের সঙ্গে কারসাজি করে অনিয়মের অভিযোগে এই তিন খাদ্য পরিদর্শককে সাময়িক বহিষ্কার করা হয়। পাশাপাশি তিন ডিলারের নিবন্ধনও বাতিল করা হয়।

এরপর বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে দুদক।

বহিষ্কৃত তিন খাদ্য পরিদর্শকের বিরুদ্ধে ডিলারদের সঙ্গে যোগসাজসে খোলাবাজারে চাল বিক্রিতে অনিয়মের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয় বলে জানায় দুদক কর্মকর্তারা।