২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু নির্যাতন ও নাসিরনগর হামলার বিচার দাবি খেলাঘরের

দেশব্যাপী শিশু নির্যাতন ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলাকারীদের বিচার দাবি করেছে শিশু কিশোর সংগঠন খেলাঘর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2016, 07:15 PM

Updated : 11 Oct 2022, 09:00 PM

শুক্রবার বিকালে নগরীর চেরাগি পাহাড় মোড় চত্বরে খেলাঘর চট্টগ্রাম মহানগরীর মানববন্ধন ও সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

দিনাজপুরে পাঁচ বছরের শিশু পূজার ওপর নির্মমতার বর্ণনা দিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, দেশে শিশু-কিশোরদের হত্যা, ধর্ষণ ও অপহরণসহ বিভিন্ন ধরনের নির্যাতন দিনদিন বেড়ে চলেছে।

বক্তরা আরও বলেন, ব্রাক্ষ্মণবাড়িয়ার নাসিরনগরের ভয়াবহ সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে আতঙ্কে আছে শিশুরাও। প্রতিদিন দেশের কোনো না কোনো স্থান থেকে শিশু নির্যাতনের খবর আসছে গণমাধ্যমে।

শিশু নির্যাতনের এই বিভৎস রূপ দেখে শঙ্কিত বলে জানান তারা। সমাবেশ থেকে বক্তারা শিশু নির্যাতনকারীদের বিচারের দাবি জানান।

মানববন্ধনে ঘোষণাপত্র পাঠ করেন শিশু সংগঠক শাজনীন তাসনিম আলিশা।

খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সভাপতি অধ্যাপক এ কিউ এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ইউসুফ সোহেলের সঞ্চালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক বেণু কুমার দে, আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরী, কবি আশীষ সেন, অধ্যাপক কফিল উদ্দিন চৌধুরী, খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সাধারণ সম্পাদক রূপক চৌধুরী, গণজাগরণ মঞ্চের সমন্বয়কারী শরীফ চৌহান, উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সহ-সভাপতি প্রবাল দে এবং প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান।

মানববন্ধনে খেলাঘরের সম্পাদক মণ্ডলীর সদস্যদের পাশাপাশি বিভিন্ন আসরের সদস্যরা উপস্থিত ছিলেন।