ন্যায্যমূল্যের চালে অনিয়ম: তিন খাদ্য কর্মকর্তাসহ গ্রেপ্তার ৫
চট্টগ্রামে ন্যায্য মূল্যের চাল বিক্রির সরকারি কর্মসূচিতে অনিয়মের অভিযোগে বরখাস্ত তিন খাদ্য কর্মকর্তা ও দুই ডিলারকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান দুদক চট্টগ্রাম অঞ্চলের পরিচালক আবু সাঈদ।
গ্রেপ্তাররা হলেন- খাদ্য পরিদর্শক শুভজিৎ দে, মো. শাহনেওয়াজ ও মো. শাহাবুদ্দিন এবং ডিলার মো. জাহাঙ্গীর ও সৈয়দ মোহাম্মদ মারুফ।
মঙ্গলবার চাল বিক্রির সরকারি কর্মসূচিতে ডিলারের সঙ্গে কারসাজি করে অনিয়মের অভিযোগে এ তিন খাদ্য পরিদর্শককে সাময়িক বহিষ্কার করা হয়। পাশাপাশি তিন ডিলারের নিবন্ধনও বাতিল করা হয়।
দুদক কর্মকর্তা আবু সাঈদ বলেন, বহিষ্কৃত তিন খাদ্য পরিদর্শকের বিরুদ্ধে ডিলারদের সাথে যোগসাজসে খোলাবাজারে চাল বিক্রির অনিয়মের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
