হাটহাজারী থেকে বন্দরনগরীর আসামি গ্রেপ্তার
চট্টগ্রামের হাটহাজারী উপজেলা থেকে বন্দর নগরীর তালিকাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মো. মিজান (৩২) নগরীর বায়েজিদ বোস্তামী থানায় একটি চাঁদাবাজি ও একটি মাদক মামলায় পলাতক আসামি।
বৃহস্পতিবার বিকালে হাটহাজারী উপজেলার বাস স্টেশন এলাকা থেকে গ্রেপ্তারের পর সন্ধ্যায় তার বাসা থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসিন।
পরে জিজ্ঞাসাবাদে অস্ত্র থাকার কথা স্বীকার করার পর মিজানকে নিয়ে বায়েজিদ থানার কুলগাঁও কাঁঠাল বাগান এলাকায় তার বাসায় অভিযান চালানো হয়।
ওসি বলেন, অভিযানে বাসা থেকে জার্মানির তৈরি সেভেন পয়েন্ট ৬৫ বোরের একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
অস্ত্র উদ্ধারের ঘটনায় মিজানের বিরুদ্ধে আরও একটি অস্ত্র মামলা হচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তা মহসিন।
