২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জেলহত্যা দিবসের আলোচনায় আ. লীগ

আওয়ামী লীগকে যারা নিশ্চিহ্ন করতে চেয়েছিল ইতিহাসের পথ পরিক্রমায় তারাই নিশ্চিহ্ন হয়ে গেছে বলে মন্তব্য করেছেন নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2016, 08:10 PM

Updated : 20 Aug 2022, 02:07 PM

জেলহত্যা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মহিউদ্দিন চৌধুরী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর বাঙালি জাতিসত্তাকে চিরতরে নিশ্চিহ্ন করতে মোস্তাক-জিয়া ৩ নভেম্বর জাতীয় চারনেতাকে পরিকল্পিতভাবে হত্যা করিয়েছিল।

“কিন্তু তাদের সে পরিকল্পনা সফল হয়নি। বাংলাদেশ আওয়ামী লীগের অসংখ্য ত্যাগী নেতাকর্মীর আত্মত্যাগে, লড়াই-সংগ্রামে আওয়ামী লীগ আরও বেশি শক্তিশালী। চক্রান্তকারীরাই নিশ্চিহ্ন হয়ে গেছে।”

মুক্তিযোদ্ধা মহিউদ্দিন চৌধুরী বলেন, প্রধামনমন্ত্রী শেখ হাসিনা মানবতাবিরোধী যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধু হত্যাকারীদের একে একে ফাঁসির দড়িতে ঝুলিয়ে এবং জাতীয় চার নেতার খুনিদের বিচার নিশ্চিত করে জাতিকে দায়মুক্ত করেছেন।

“যারা হত্যা-ষড়যন্ত্রের মাধ্যমে স্বাধীন বাংলাদেশকে পাকিস্তানি ভাবধারায় পরিচালিত করতে চেয়েছিল তারা এখনও ষড়যন্ত্র করছে। প্রধানমন্ত্রীর বিস্ময়কর অগ্রযাত্রায় ইর্ষান্বিত হয়ে ১৫ অগাস্ট ও ৩ নভেম্বরের পুনরাবৃত্তি ঘটাতে চায়। তাই আত্মতৃপ্তিতে ভোগার সময় নেই।”

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, পঁচাত্তর পরবর্তী দীর্ঘ একুশ বছর স্বৈরশাসক এদেশে জংলি শাসন কায়েম করেছিল। পরবর্তীতে তাদের দোসররাই জঙ্গিবাদ তৈরি করেছে।

নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নগর কমিটির সহ-সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, নঈম উদ্দিন চৌধুরী, খোরশেদ আলম সুজন ও জহিরুল আলম দোভাষ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী ও এম এ রশিদ, সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর এবং উপ-দপ্তর সম্পাদক জহর লাল হাজারীসহ অন্যরা বক্তব্য রাখেন।