অবৈধ দখলে থাকা চট্টগ্রাম বন্দরের জমি উদ্ধার
চট্টগ্রাম বন্দরের মালিকানাধীন তিন কোটি টাকা মূল্যের জমি অবৈধ দখলমুক্ত করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার নগরীর দক্ষিণ পতেঙ্গার ১৫ নম্বর ঘাট হতে ১৮ নম্বর নেভাল একাডেমি পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকেয়া পারভিন।
বন্দর কর্তৃপক্ষের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ১৫ নম্বর ঘাট থেকে ১৮ নম্বর নেভাল একাডেমি পর্যন্ত সড়কের উভয় পাশে ভাসমান প্রায় দুই শতাধিক দোকান উচ্ছেদ করা হয়।
বন্দর কর্তৃপক্ষের মালিকানাধীন এসব অবৈধ দোকান উচ্ছেদ করে কর্তৃপক্ষের তিন কোটি টাকা মূল্যের জমি উদ্ধার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
