চট্টগ্রামে রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ
চট্টগ্রামে রাষ্ট্রপতির আগমনকে সামনে রেখে শাহ আমানত বিমানবন্দর থেকে শুরু করে বিমান বাহিনীর জহুরুল ঘাঁটি এবং পতেঙ্গা সমুদ্র সৈকত সড়ক থেকে কাটগড় পর্যন্ত উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।
বুধবার সিসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীদা শরমিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সড়কের উভয় পাশে থাকা শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করা হয়।
এছাড়া অভিযানে সাত প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে সিসিসি।
সিসিসি’র ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিমানবন্দর সড়ক থেকে বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটি ও পতেঙ্গা সমুদ্র সৈকত সড়ক থেকে কাটগড় পর্যন্ত প্রায় শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে।
আগামী ৭ নভেম্বর চট্টগ্রামে রাষ্ট্রপতির আগমনকে সামনে রেখে এ অভিযান পরিচালিত হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, এছাড়াও অভিযানে নিষিদ্ধ দ্রব্য মিশিয়ে আইসক্রিম তৈরি করায় সাজ্জাদ আইসবারকে ২০ হাজার টাকা, ফুটপাতে কাঠ ও মালামাল স্তুপ রাখার দায়ে পতেঙ্গা কাঠ বিতানকে দুই হাজার টাকা, নূর জাহান এন্টারপ্রাইজকে দুই হাজার টাকা, শাহ মোহছেন আউলিয়া টিম্বারকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে একই অপরাধে নুরুল ইসলাম ইঞ্জিনিয়ার্স ওয়ার্কসকে দুই হাজার টাকা, মিনহা এন্টারপ্রাইজকে দুই হাজার টাকা ও বাবু ননী গোপাল দাশকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
