২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দায়িত্বের এক বছরে আগের ৫ বছরের বেশি কাজের দাবি নাছিরের

আগের পাঁচ বছরের চেয়ে দায়িত্ব গ্রহণের পরের এক বছরে চট্টগ্রাম নগরীতে বেশি কাজ হয়েছে বলে দাবি করেছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2016, 08:03 PM

Updated : 11 Oct 2022, 08:59 PM

বুধবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আগামী বছরগুলোতে চট্টগ্রাম মহানগরীতে আরও বেশি উন্নয়ন কাজ করার আশ্বাস দেন তিনি।

মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের ১৫ মাসের মাথায় সিটি করপোরেশনের বিভিন্ন কর্মপরিকল্পনা ও লক্ষ্য নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করেন নাছির।

করপোরেশনের প্রধান তিনটি সেবা রাস্তাঘাটের উন্নয়ন, আবর্জনা নিষ্কাশন ও সড়কবাতির আলোকায়ন এবং গৃহকর (হোল্ডিং ট্যাক্স) আদায়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তিনি।

আ জ ম নাছির বলেন, অতীতে করপোরেশনের প্রধান তিনটি সেবা বিঘিœত হয়েছে। আগামী তিনটি অর্থবছরে নগরীতে এ তিন সেবা দেওয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি বলেন, “আমি সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে কাজ করতে চাই। অতীতে অনিয়ম, দুর্নীতি হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের ফাঁকি দেওয়ার প্রবণতা ছিল। এদের নিয়েই কাজ করতে হবে। তাদের চেঞ্জ করতে হচ্ছে।”

মেয়র নাছির নিজেকে আশাবাদী মানুষ উল্লেখ করে বলেন, “এতো প্রতিকূলতার মাঝেও আমি হতাশ নই। কাজ হবে, পরিবর্তন হচ্ছে।”

তিনি বলেন, “আগের আমলের পাঁচ বছরে যে কাজ হয় নাই আমার এক বছরে নগরীর জন্য তার চেয়ে বেশি কাজ হয়েছে। আগামী বছরগুলোতে আরও বেশি কাজ হবে।”

রাস্তাঘাটের উন্নয়ন, আবর্জনা পরিষ্কার এবং আলোকায়ন নিয়ে তিনি তার কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন।

আ জ ম নাছির উদ্দিন আগামী তিনবছরে পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, নগরীর ৪১টি ওয়ার্ডের ব্যক্তি মালিকানাধীন বাদে সকল বৈধ রাস্তার যেগুলো কাঁচা আধাপাকা রয়েছে সেগুলো পাকায় উন্নীত করা হবে।

শুধু পাকা নয় মানসম্পন্ন যাতে হয় তা লক্ষ্য রাখা হবে জানিয়ে করে তিনি বলেন, নগরীর রাস্তাঘাটের ক্ষতি পর্যবেক্ষণের জন্য তিনটি টিম করা হয়েছে। এজন্য সকল সেবাকে অটোমেশনের আওতায় আনা হবে। আগামী ডিসেম্বরে মধ্যে তা হবে।

এছাড়া নগরীর সব সড়কবাতি এলইডি লাইটের আওতায় যাবে জানিয়ে মেয়র বলেন, সকল সড়কে পাওয়ার বেসড এলইডি এবং সোলার বেসড এলইডি করা হবে।

নগরীর বিভিন্ন অংশে ময়লা-আবর্জনা নিষ্কাশনের ঢাকনাযুক্ত বিন বিতরণ চলছে জানিয়ে নাছির বলেন, ডিসেম্বরের মধ্যে সব এলাকায় বিতরণ শেষ হবে। আবর্জনা নিষ্কাশনে লোক নিয়োগে যে জটিলতা ছিল তা নিরসন হয়েছে।

“আবর্জনা নিঃসরণের জন্য নগরবাসীকে সময় নির্ধারণ করে দিয়ে অনুরোধের পর আমরা ধীরে ধীরে কঠোর হব, এতে কাজ হবে বলে আশা করছি।”

গৃহকরে সীমিত আয়ের লোকদের ছাড়

মতবিনিময়ে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন গৃহকর এবং তা মূল্যায়ন নিয়ে অসন্তোষ ছাড়াও কর আদায়ের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন।

গৃহকর আদায়কেই করপোরেশনের একমাত্র আয়ের পথ উল্লেখ করে মেয়র নাছির বলেন, “অনেকেই মনে করেন আমরা গৃহকর নির্ধারণ করে থাকি, কিন্তু তা না। আমরা আদায়ে ক্ষমতাপ্রাপ্ত হই মাত্র।”

নগরীর দেড়লাখ হোল্ডিংয়ের মধ্যে ১৪ হাজারের মূল্যায়নে আপত্তি রয়েছে জানিয়ে তিনি বলেন, সঠিক মূল্যায়নের মাধ্যমে তা নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।

গৃহ করের ক্ষেত্রে সীমিত আয়ের লোকদের ছাড়ের কথা জানিয়ে আ জ ম নাছির বলেন, তবে করের ক্ষেত্রে বিত্তবানদের ছাড় নয়।

১২ হাজার কর্মী দরকার

করপোরেশন পরিচালনায় দক্ষ জনবলের সংকট রয়েছে উল্লেখ করে মেয়র বলেন, বর্তমানে স্থায়ী-অস্থায়ী মিলিয়ে আট হাজারের মতো কর্মী রয়েছে। শিক্ষা, রাজস্ব, পরিচ্ছন্নতা বিভাগে কাজের লোকের স্বল্পতা রয়েছে।

আ জ ম নাছির উদ্দিন বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের নিজস্ব কোনো অর্গানোগ্রাম নেই। ১৯৮৮ সালে সর্বশেষ গেজেট হলেও তা অনুমোদন না হওয়ায় গত ২৮ বছরে কোনো নতুন নিয়োগ দেওয়া যায়নি। এ মেয়াদের আগে যারা মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন তারা অস্থায়ী ভিত্তিতেই নিয়োগ দিয়েছিল।

চট্টগ্রাম সিটি করপোরেশনকে সুচারুরূপে পরিচালনার জন্য কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে ১২ হাজার কর্মী প্রয়োজন বলে দাবি করেন তিনি।

সভায় সিটি মেয়র তার একবছরে নগরী থেকে অগ্রাধিকার ভিত্তিতে বিলবোর্ড উচ্ছেদ করেছেন জানিয়ে বলেন, চট্টগ্রাম শহরকে এখন বিলবোর্ডমুক্ত বলা যায়।  

তিনটি প্রধানসেবার পাশাপাশি করপোরেশনের শিক্ষা ও স্বাস্থ্য খাতে সংস্থাটিকে প্রতি বছর ৫৫ কোটি টাকা ভতুর্কি দিতে হয় বলে জানান তিনি।

এছাড়া নগরীর বিভিন্ন ফুটপাথ দখলমুক্ত করার কাজ চলছে জানিয়ে মেয়র বলেন, নগরীতে দুইশর মতো বস্তি আছে। এতে ১০ লাখের মতো লোক বাস করে। আগামী তিন থেকে চারমাসের মধ্যে হকারদের পুর্নবাসনে কাজ হবে।

তাদের শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনার কথাও জানান তিনি।

এছাড়া মেয়র নাছির নগরীর জলাবদ্ধতা নিরসনে নেওয়া বিভিন্ন প্রকল্প ও উদ্যোগের কথা সাংবাদিকদের কাছে তুলে ধরেন।

এসময় মেয়রের একান্ত সচিব মঞ্জুরুল ইসলাম উপস্থিত ছিলেন।