২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জোড়াখুনের ঘটনায় দুইজন গ্রেপ্তার

চট্টগ্রামে আড়াই বছর আগের জোড়া খুনে জড়িত দুই যুবককে গ্রেপ্তার করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2016, 05:47 PM

Updated : 12 Apr 2022, 03:11 AM

‘ঠিকানা খুঁজে না পাওয়ায়’ এই দুইজনকে মামলার অভিযোগপত্র থেকে অব্যাহতি দিতে আদালতে সুপারিশ করেছিলেন তদন্ত কর্মকর্তা।

রোববার ভোররাতে নগরীর বায়েজিদ এলাকা থেকে মো. রমজান আলী ওরফে আকাশ ওরফে তুফান (২৫) ও মো. আলাউদ্দিন (২১) নামের এ দুই যুবককে গ্রেপ্তার করা হয় বলে পিবিআইর পরিদর্শক সন্তোষ কুমার চাকমা জানিয়েছেন।

২০১৪ সালের ১৭ মার্চ ষোলশহর দুই নম্বর গেইট এলাকায় একটি সেপটিক ট্যাঙ্কি থেকে ওমরগণি এমইএস কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র কামরুল হাসান ও পোশাক শ্রমিক ফোরকান উদ্দিনের লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় কলেজ ছাত্র কামরুলের বাবা আব্দুল হাকিম নয়জনের বিরুদ্ধে খুলশী থানায় মামলা করেন।

পুলিশ আসামিদের গ্রেপ্তারের পর সাহেদ, শাহ আলম, প্রত্যক্ষদর্শী হিসেবে শাহ আলমের কথিত স্ত্রী জান্নাতুল ফেরদৌস ও অপর এক তরুণী হত্যার বিষয়ে আদালতে জবানবন্দি দেন।

পিবিআই পরিদর্শক সন্তোষ জানান, তাদের জবানবন্দিতে এজাহারভুক্ত নয়জনসহ রোববার গ্রেপ্তার হওয়া রমজান, আলাউদ্দিন ও আরও একজনের নাম আসে।

পুলিশ তদন্ত শেষে গত বছরের ১৮ জানুয়ারি আদালতে গ্রেপ্তার নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিলেও জবানবন্দিতে নাম আসা তিনজনকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করে।

অভিযোগপত্রটি আমলে না নিয়ে আদালত এবছরের ১৫ মে মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেয় বলে জানান পুলিশ কর্মকর্তা সন্তোষ।

পিবিআই তদন্ত করতে গিয়ে রমজান ও তুফানকে করে বলে জানান তিনি।