২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ-শ্রীলঙ্কা উপকূলীয় জাহাজ চলাচল চুক্তিতে সম্মতি

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে উপকূলীয় জাহাজ চালাচলে চুক্তি করতে দুই দেশের নৌসচিব পর্যায়ের বৈঠকে সমঝোতা স্মারক (এমওইউ) চূড়ান্ত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2016, 08:16 PM

Updated : 12 Apr 2022, 03:08 AM

মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশের নৌসচিব অশোক মাধব রায় এবং শ্রীলঙ্কার বন্দর ও নৌ সচিব এল পি জায়ামপাথি এই বৈঠকে নেতৃত্ব দেন।

আশোক মাধব সাংবাদিকদের জানান, দুই দেশের রাষ্ট্র প্রধানের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষরিত হবে। এমওইউর পর এসওপি (স্ট্যান্ডার্ড অপারেশনাল প্রসেডিউর) স্বাক্ষর হবে; দুই দেশের মধ্যে কোন পদ্ধতিতে জাহাজ চলাচল করবে তা এতে থাকবে।

“চুক্তির পর দুই দেশের মধ্যে প্রথম পর্যায়ে কার্গো জাহাজ যাতায়াত করবে, পরে চলবে যাত্রীবাহী জাহাজ।”

বৈঠকের শুরুতে নৌমন্ত্রী শাজাহান খান বলেন, “এ চুক্তি হলে আমরা অনেক দিক থেকে সুবিধা পাব। নৌ বাণিজ্যখাতে সুযোগ-সুবিধা বাড়বে। দুই দেশের মধ্যে পণ্য পরিবহন খরচ কমে যাবে ও সময় সাশ্রয় হবে।

“শ্রীলঙ্কার সঙ্গে কোস্টাল শিপিং এগ্রিমেন্ট হলে দেশটির বন্দরগুলোতে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ বিশেষ সুবিধা পাবে। আমাদের জাহাজগুলোকে তারা অগ্রাধিকারভিত্তিতে বার্থিং সুবিধা দেবে, আমরা ট্যারিফ কনসেশন পাব।”

চুক্তি স্বাক্ষরের পর বাংলাদেশ শিপিং করপোরেশন ও সিলন শিপিং করপোরেশনের মধ্যে সম্পর্ক গড়ে উঠবে জানিয়ে শাজাহান খান বলেন, “এতে আমাদের মেরিন ইঞ্জিনিয়ার ও ক্রুদের জন্য শ্রীলঙ্কার জাহাজগুলোতে কর্মসংস্থান সৃষ্টি হবে।

“বাংলাদেশের নাবিকদের ভিসা ইস্যুর ক্ষেত্রেও তারা (শ্রীলঙ্কা) প্রয়োজনীয় সহযোগিতা দেবে।”

কলম্বো ও হাম্বানতোতা বন্দর ব্যবহারে বাংলাদেশে সুবিধা পাবে জানিয়ে মন্ত্রী বলেন, “আমাদের অনেক জাহাজ যেগুলো সিঙ্গাপুর হয়ে আসে, এতে সময়ও বেশি লাগে, খরচও বেশি লাগে। এদিক থেকে আমরা কিছুটা সুবিধা পাব।

নৌসচিব পর্যায়ের বৈঠক শেষে আলোচনা করেই চুক্তির দিনক্ষণ চূড়ান্ত করা হবে বলেও জানান নৌমন্ত্রী।

সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশ দলে ছিলেন- মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল রিয়াজউদ্দীন আহমেদ, নৌ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রফিকুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মুনির চৌধুরী, বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর এম হাবিবুর রহমান ভূইয়া, নৌ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব দেলোয়ার হায়দার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া) মনোয়ার হোসেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) জাফর আলম, পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ক্যাপ্টেন মো. সাইদুর রহমান, নৌপরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ কে এম ফখরুল ইসলাম ও জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব মোহাম্মদ নিয়াজুর রহমান।

আর শ্রীলঙ্কার মার্চেন্ট শিপিং সচিবালয়ের মহাপরিচালক অজিত সেনাভিরত্নে, পোর্ট অথরিটিরি চেয়ারম্যান দাম্মিকা রানাতুঙ্গা, সিলন শিপিং করপোরেশন লিমিটেডের চেয়ারম্যান শশি ধানাতুঙ্গে, বাংলাদেশে শ্রীলঙ্কার শার্জ দ্যা অ্যাফেয়ার্স সিসাথ থামবুগালা ও পোর্ট অথরিটিরি চিফ ম্যানেজার উপল জয়াটিসা শ্রীলঙ্কার প্রতিনিধি দলে ছিলেন।

সচিব পর্যায়ের বৈঠকের আগে শ্রীলঙ্কার প্রতিনিধি দলটি নৌমন্ত্রী শাজাহান খানের সঙ্গে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন।