চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেপ্তার ২
চট্টগ্রামে গাড়ির ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে ইয়াবা পাচারের সময় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকা থেকে ১৫ হাজার ইয়াবাসহ ওই দুজনকে আটক করা হয় বলে ওসি সৈয়দ আবু মোহাম্মদ শাহজাহান কবির জানিয়েছেন।
গ্রেপ্তার দুজন হলেন- মো. দেলোয়ার (২৬) ও লিয়াকত আলী ওরফে রাজু।
দেলোয়ারের বাড়ি কক্সবাজার সদর উপজেলার লাইট হাউস এলাকায়। আর লিয়াকত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পূর্ব কুকদণ্ডী এলাকার বাসিন্দা।
“গোপন সংবাদের ভিত্তিতে বাহির সিগন্যাল এলাকার সামুদ কেমিকেল কমপ্লেক্স গেইটের সামনে গাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।”
চান্দগাঁও থানার এসআই সঞ্জয় গুহ জানান, গাড়িটি তল্লাশির সময় বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ছোট ছোট প্যাকেটে ভর্তি ইয়াবাগুলো পাওয়া যায়।
“প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেলোয়ার ও লিয়াকত বলেছেন, তাদের ইয়াবা নিয়ে চট্টগ্রাম শহরে আসতে বলা হয়েছিল। অন্য এক ব্যক্তি সেগুলো নিয়ে যাওয়ার কথা ছিল।”
