চট্টগ্রামে গার্মেন্টস কর্মকর্তা হত্যায় গ্রেপ্তার ৪
চট্টগ্রাম নগরীতে তৈরি পোশাক কারখানার এক কর্মকর্তাকে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা ছিনতাইকারী চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার থেকে শুক্রবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান খুলশী থানার ওসি নিজাম উদ্দিন।
এরা হলেন- মো. নাছির (২৮), নূর হোসেন (৩২), মো. সোহেল (২৬) ও মহিন উদ্দিন (২২)।
গত ১৩ অক্টোবর রাতে খুলশী থানার আমবাগান ভাঙা ব্রিজ এলাকা থেকে চট্টগ্রাম ইপিজেডে সি-টেক্স নামের একটি গার্মেন্টসের সহকারী স্টোরকিপার জাহাঙ্গীর আলমের লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ বলছে, জাহাঙ্গীর ওইদিন রাতে ফেনীর ছাগলনাইয়ার গ্রামের বাড়ি যাওয়ার পথে নিমতলা বিশ্বরোড এলাকায় এই ছিনতাইকারী চক্রটির কবলে পড়েছিলেন।
ওসি নিজাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রথমে নগরীর খুলশী থানার জালালাবাদ এলাকা থেকে নূর ও বায়েজিদ বোস্তামী থানার চন্দ্রনগর এলাকা থেকে সোহেলকে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী খুলশী থানার ঝাউতলা থেকে সোহেল এবং সেগুনবাগান থেকে মহিনকে গ্রেপ্তারের পাশাপাশি ঝাউতলার একটি গ্যারেজ থেকে ছিনতাই কাজে ব্যবহার করা অটোরিকশাটি উদ্ধার করা হয়।
এদের মধ্যে সোহেল অটোরিকশার চালক ছিলেন জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, গ্রেপ্তার চারজন পেশাদার ছিনতাইকারী। নগরীর বিভিন্ন এলাকায় অটোরিকশা নিয়ে ঘুরেঘুরে তারা ছিনতাই করে থাকে।
পুলিশ জাহাঙ্গীর হত্যাকাণ্ডে ব্যবহার করা অটোরিকশা, ছিনতাই করা মোবাইল ও অন্যান্য সামগ্রীও উদ্ধার করেছে।
নগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ জোন) মো. জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রামের বাড়ির পথে জাহাঙ্গীর বাসের জন্য নিমতলা বিশ্বরোড থেকে অলংকার যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এসময় গ্রেপ্তাররা যাত্রী বেশে তাকে অটোরিকশায় তুলে নেয়।
পথে তার কাছ থেকে মোবাইল ও সঙ্গে থাকা মালামাল ছিনিয়ে নেয় এবং ধস্তাধস্তির এক পর্যায়ে জাহাঙ্গীরকে গলাটিপে হত্যা করে। বিভিন্ন স্থানে ঘুরে আমবাগান ভাঙাপুল এলাকায় তার লাশ ফেলে দেয়।
গ্রেপ্তারদের কাছ থেকে ছিনতাই করা মোবাইল ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর বলেন, নূর হোসেনের বাসা থেকে ছিনতাই করা মোবাইল সেট, তার (নিহত জাহাঙ্গীরের) ছেলের জন্য কেনা দুধ ও খেলার সরঞ্জামগুলো উদ্ধার করা হয়।
এদিকে গ্রেপ্তারের পর নাছির ও নূর হোসেন হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করে শুক্রবার সন্ধ্যায় মহানগর হাকিম আবু সালেহ মো. নোমানের আদালতে জবানবন্দি দিয়েছে বলে জানান খুলশীর ওসি নিজাম উদ্দিন।
