২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় গৃহবধূসহ নিহত ২

চট্টগ্রাম নগরীর বাকলিয়া ও বন্দর এলাকায় আলাদা সড়ক দুর্ঘটনায় গৃহবধূসহ দুইজন নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2016, 08:07 PM

Updated : 20 Aug 2022, 01:57 PM

সোমবার দুপুরের দিকে বাকলিয়া থানাধীন তুলাতলী ও বন্দর থানাধানী ৫ নম্বর জেটিগেইট এলাকায় এই দুই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

বাকলিয়ায় নিহত গৃহবধূ তাসলিমা আক্তার (২২) পটিয়ার মুন্সেফ বাজার এলাকার তানভীর সোহেলের স্ত্রী; আর বন্দর এলাকায় নিহত নুর আলমের (৩০) বাড়ি আনোয়ার উপজেলায়।

বাকলিয়া থানার এসআই শাহীন ভুইয়া জানান, দুপুর দেড়টার দিকে রিকশা করে কালামিয়া বাজার এলাকায় আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন তাসলিমা। নগরীর তুলাতলী এলাকায় কক্সবাজার থেকে শহরমুখী হানিফ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়।

গুরুতর আহত অবস্থায় তাসলিমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মোহাম্মদ জাহাঙ্গীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, এ ঘটনায় আহত রিকশা চালক মোহাম্মদ হোসেন চিকিৎসাধীন রয়েছেন।

অপরদিকে বেলা ২টার দিকে নগরীর বন্দর থানাধীন  ৫ নম্বর জেটিগেইটের সামনে অটোরিকশার ধাক্কায় মারা যান নূর আলম।

বন্দর থানার এসআই আলতাফ হোসেন বলেন, অটোরিকশা ধাক্কায় গুরুতর আহত আলমকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।