চট্টগ্রামে পোশাককর্মী ‘ধর্ষিত’
চট্টগ্রাম নগরীর খুলশীতে নিজের বাসায় এক পোশাক শ্রমিক ধর্ষিত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
শনিবার রাতে খুলশী থানার বাঘঘোনা এলাকায় এ ঘটনায় মনির হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
নারায়ণগঞ্জের বাসিন্দা মনির চট্টগ্রামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিক্রয়কর্মী হিসেবে কাজ করেন।
রোববার সন্ধ্যায় তাকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির ধর্ষণের কথা স্বীকার করেছে বলে খুলশী থানার ওসি নিজাম উদ্দিন জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই তরুণী রাতে তার বাসায় চুরি হওয়ার অভিযোগ করেন। এর ভিত্তিতে মনিরকে গ্রেপ্তারের পর তিনি ধর্ষণের কথা স্বীকার করেন।
পরে ওই তরুণী ধর্ষণের মামলা করতে রাজি হন বলে জানান ওসি নিজাম।
