চট্টগ্রামে বাসায় পোশাককর্মীর লাশ, স্বামী পলাতক
চট্টগ্রাম শহরের একটি বাসা থেকে এক নারী পোশাক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোহেনা বেগম (২২) নামে ওই নারীকে তার স্বামী সজিব হত্যা করেছে বলে পুলিশের ধারণা।
বৃহস্পতিবার সকালে ডবলমুরিং থানার মৌলভিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে সোহেনার লাশ উদ্ধার করা হয় বলে ডবলমুরিং থানার ওসি বশিরউদ্দিন খান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বুধবার রাতের কোনো এক সময় সোহেনার মৃত্যু করা হয়।তার সোহেনার গলায় রশি পেঁচানোর দাগ আছে।”
পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি বশিরউদ্দিন বলেন, “সজিব বাস চালকের সহকারী হিসেবে কাজ করত। সে স্ত্রীর কাছ থেকে বিভিন্ন সময় টাকা দাবি করত। এ নিয়ে দুজনের মধ্যে একাধিকবার ঝগড়া হয়েছে।”
আগ্রাবাদ লাকি প্লাজার বিপরীতে মৌলভিপাড়া এলাকায় ভাড়া বাসায় স্বামী ও শ্বশুর-শাশুড়ির সাথে থাকত সোহেনা। এ দম্পতির পাঁচ মাস বয়সী একটি মেয়ে আছে।
পুলিশ কর্মকর্তা বশির বলেন, “রাতে একসাথে খাবার খেয়ে শ্বশুর-শাশুড়ি আলাদা কক্ষে ঘুমাতে যান। সকালে উঠে সোহেনাকে বিছানায় মৃত দেখতে পান তারা। তখন সজিব বাসায় ছিল না।”
সোহেনার মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
