চট্টগ্রাম ভেটেরিনারির ভর্তি কার্যক্রম শুরু বৃহস্পতিবার
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে।
বুধবার সিভাসু’র উপ-পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) খলিলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
খলিলুর রহমান বলেন, ৬ অক্টোবর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে ভর্তির জন্য আবেদন করা যাবে।
আগামী ৩ ডিসেম্বর বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার সিভাসু’র তিন অনুষদে মোট ২৩০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।
এর মধ্যে ভেটেরিনারি মেডিসিন অনুষদে পাঁচ বছর মেয়াদী ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন কোর্সে সর্বোচ্চ সংখ্যক ৯৫ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবেন।
এছাড়া ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদে চার বছর মেয়াদী বিএসসি (অনার্স) ইন ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি কোর্সে ৭৫ জন এবং ফিশারিজ অনুষদের চার বছর মেয়াদী বিএসপি ইন ফিশারিজ (অনার্স) কোর্সে ৬০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে।
আগ্রহী শিক্ষার্থীদের বিজ্ঞান গ্রুপ থেকে ২০১৩ বা ২০১৪ সালের এসএসসি/সমমান ও ২০১৫ বা ২০১৬ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় সমষ্টিগতভাবে ন্যূনতম জিপিএ-৭ এবং আলাদাভাবে প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ-৩ পেতে হবে।
দুই পরীক্ষাতেই পদার্থ, রসায়ন, গণিত (এসএসসি’র ক্ষেত্রে সাধারণ গণিত) ও জীববিদ্যা আলাদা বিষয় হিসেবে থাকতে হবে।
এইচএসসি/সমমান পরীক্ষায় পদার্থ, রসায়ন, গণিত, জীববিদ্যা ও ইংরেজি বিষয়গুলোর প্রত্যেকটিতে আলাদাভাবে ন্যূনতম জিপিএ-২ পেতে হবে।
পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, জীববিদ্যা ও ইংরেজি বিষয়ে মোট এক ঘণ্টা সময়ের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইট www.cvasu.ac.bd এ পাওয়া যাবে।
