২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্বরেলের কোয়ার্টার-জমি থেকে সাবেক কর্মচারীকে উচ্ছেদ

অবসরে যাওয়ার পরও চট্টগ্রামে অবৈধভাবে দখলে থাকা কোয়ার্টার থেকে এক কর্মচারীর পরিবারকে উচ্ছেদ করে সম্পদ উদ্ধার করেছে পূর্বাঞ্চল রেলওয়ে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2016, 07:54 PM

Updated : 20 Aug 2022, 01:47 PM

বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর পোর্ট কলোনি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অবসরে যাওয়া কর্মচারী আবদুল বাতেনের দখলে থাকা কোয়ার্টার উদ্ধার করা হয়।

অভিযানে পূর্ব রেলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ইশরাত রেজা নেতৃত্ব দেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অভিযানে রেলওয়ের জমিতে অবৈধভাবে ওই কর্মচারীর গড়ে তোলা ২০টি সেমি পাকা বসতঘর উচ্ছেদ করা হয়েছে।

“ওই কর্মচারী নিজে কোয়ার্টার দখলে রাখার পাশাপাশি অবৈধভাবে গড়ে তোলা ওই ২০টি ঘর থেকে প্রতি মাসে প্রায় ৭০ হাজার টাকা করে ভাড়া আদায় করতেন।”

অভিযানে পোর্ট কলোনি সংলগ্ন রেলওয়ে স্টাফ কলোনি এলাকা থেকেও অবৈধভাবে গড়ে ওঠা বেশকিছু ঘর উচ্ছেদ করার কথা জানান পূর্ব রেলের কর্মকর্তা ইশরাত রেজা।

তিনি বলেন, বৃহস্পতিবারের অভিযানে রেলওয়ের এক একরের মতো সম্পদ উদ্ধার করা গেছে।