চট্টগ্রামে হোটেলে নারীর ঝুলন্ত লাশ
চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাতে চকবাজারের ফোর স্টার হোটেলের ২০৮ নম্বর কক্ষ থেকে শিল্পী আক্তার (২৯) নামে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
চকবাজার থানার ওসি নুরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই কক্ষের ভেতরে ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।”
শিল্পী দিনাজপুর সদরের নিমনগর এলাকার মনসুর আলীর মেয়ে।
পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মধ্যম মাদার্শা এলাকার শফিকুল ইসলাম নামে একজেনকে আটক করেছে।
ওসি নুরুল হুদা জানান, শিল্পী দুবাইয়ে গৃহকর্মী হিসেবে কাজ করার সময় শফিকুলের সঙ্গে পরিচয় হয়। সেই সুবাদে শিল্পী দিনাজপুর থেকে চট্টগ্রাম আসে তার সঙ্গে দেখা করতে।
শিল্পীর থাকার জন্য হোটেলটি শফিকুল ঠিক করে দেন বলে জানান ওসি।
শফিক পুলিশকে বলেছেন, সন্ধ্যায় শিল্পীর সঙ্গে দেখা করতে এলে কক্ষের দরজা বন্ধ পেয়ে হোটেল ম্যানেজারকে জানান তিনি।
এরপর দরজা ভেঙে ঢুকে লাশ দেখে পুলিশে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ।
ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
