২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টিএসপি কারখানায় অগ্নিকাণ্ড: ঘটনাস্থলে বিসিআইসির কর্মকর্তারা

চট্টগ্রামে টিএসপি সার কারখানার গুদামে অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) দুই কর্মকর্তা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2016, 10:08 PM

Updated : 20 Aug 2022, 01:43 PM

পরিচালক (বাণিজ্যিক) মো. আব্দুল হাই এবং পরিচালক (পরিকল্পনা ও বাস্তবায়ন) মো. লুৎফুর রহমান শুক্রবার বিকালে উত্তর পতেঙ্গার কারখানা ঘুরে দেখেন।

বৃহস্পতিবার রাত ১০টা ৫০ মিনিটে বিসিআইসি নিয়ন্ত্রণাধীন ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) সার কারখানার দুই নম্বর গুদামে আগুন লাগে। শুক্রবার সকাল ৫টা ২০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

সন্ধ্যায় টিএসপির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী ফরিদ আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই পরিচালক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

“তারা ঘটনার প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেছেন। চেয়ারম্যান মহোদয়ের নির্দেশেই তারা এসেছেন। তারা যে দেখে গেলেন সেটা এনালাইসিস করবেন।”

ঘটনা তদন্তে কমিটি গঠনের বিষয়ে জানতে চাইলে প্রকৌশলী ফরিদ আহমদ বলেন, “তদন্ত কমিটি করলে বিসিআইসির প্রধান কার্যালয় থেকে করা হবে। স্থানীয়ভাবে আমরা কারণ অনুসন্ধানের চেষ্টা করছি।”

বৃহস্পতিবার রাতের ঘটনা বিষয়ে নগরীর ইপিজেড থানার ওসি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতকাল দিনের বেলায় ওই গুদামে ওয়েলডিংয়ের কাজ করা হয়। এরপর রাতে আগুন লাগে।

“আগুন লাগার ঘটনার বিষয়ে কারখানা কর্তৃপক্ষ এখনো পর্যন্ত থানায় কোনো অভিযোগ করেনি।”

শুক্রবার ফায়ার সার্ভিসের নিজস্ব প্রাথমিক তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কারখানা সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, প্রায় ছয় বছর আগে আনা রক ফসফেটের একটি চালান ‘নিম্নমানের’ হওয়া সেগুলো দুই নম্বর গুদামে রাখা হয়। ওই রক ফসফেট ব্যবহার করা হত না এবং ওই গুদামে অন্য রক ফসফেটও রাখা হতো না।

ঘটনার বিষয়ে ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাহাজ থেকে কনভেয়ার বেল্টে করে রক সালফেট দুই নম্বর গুদামের ভেতর দিয়ে অন্য একটি গুদামে নেওয়া হচ্ছিল।

“প্রায় ৬০ ফুট উচ্চতায় থাকা ওই কনভেয়ার বেল্টে বৈদ্যুতিক শর্ট সার্কিট বা ঘর্ষণের ফলে স্ফুলিঙ্গের সৃষ্টি হলে আগুন লাগে। এরপর সেই আগুন দুই নম্বর গুদামে রাখা রক ফসফেটের ওপর পড়ে। এতে কিছু রক ফসফেট পুড়ে যায়।”

উল্লেখ্য, রক ফসফেট দাহ্যবস্তু না হলেও রক সালফেট উচ্চ মাত্রার দাহ্য পদার্থ।

আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ সাড়ে চার লাখ টাকা এবং আরও প্রায় ১২ লাখ টাকার সামগ্রী উদ্ধার করা হয় বলে ফায়ার সার্ভিসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে আগুন লাগলে আশেপাশের এলাকার মানুষের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।

এর আগে ২২ অগাস্ট রাতে কর্ণফুলী নদীর তীরে বিসিআইসির অধীন ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার কারখানার ইউনিট-১ এর অ্যামোনিয়া ভর্তি একটি ট্যাংক ফেটে গিয়ে গ্যাস ছড়িয়ে পড়ে।

এতে অসুস্থ হয় কমপক্ষে ৫২ জনজন; গ্যাস নিস্ক্রিয় করতে ছিটানো পানি কারখানা সংলগ্ন ঘোনায় গিয়ে পড়লে মারা যায় মাছ। কারখানার আশেপাশের এলাকায় গাছের পাতা লাল হয়ে যায়। কমে যায় পাখির আনাগোনা।

ওই ঘটনার পর থেকে ডিএপির দুটি ইউনিটে সার উৎপাদন বন্ধ আছে।

পুরনো খবর:

টিএসপি কারখানার আগুন ‘বৈদ্যুতিক গোলযোগ থেকে’