২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রিলমিস্ত্রী থেকে বাসা বাড়িতে গ্রিল ভেঙে চুরি

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকা থেকে চোর সন্দেহে তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে, যারা বিভিন্ন বাসাবাড়ির জানালার গ্রিল ভেঙে চুরি করে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2016, 07:27 PM

Updated : 20 Aug 2022, 01:41 PM

এরা হলেন- সোহেল রানা (২৪), শহীদুল ইসলাম (২৬) ও মোহাম্মদ সোহাগ (২৫)।

বায়েজিদ থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত বায়েজিদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে চুরি করা দুটি ল্যাপটপ, তিনটি আইফোন, গ্রিল ভাঙার যন্ত্র ও বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার তিনজনের মধ্যে সোহেল ও শহীদ পেশায় গ্রিল মিস্ত্রী জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, পেশার সুবিধাকে কাজে লাগিয়ে তারা বিভিন্ন এলাকায় বাসার জানালার গ্রিল ভেঙে প্রবেশ করে মূল্যবান সামগ্রী চুরি করে।

“নগরীর শেরশাহ এলাকার দুটি বাসায় চুরির ঘটনা তদন্ত করতে গিয়ে এই চোর চক্রের হদিস পাওয়া যায়।সোহেল ও শহীদ চুরি করে, আর সোহাগ চুরি করা জিনিসপত্র বিক্রিতে সহায়তা করে।”

গ্রেপ্তার তিনজন এর আগেও বেশ কয়েকবার চুরির ঘটনায় গ্রেপ্তার হয়েছিল বলে জানান পুলিশ কর্মকর্তা মহসিন।