২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বার্ন ইউনিট স্থাপনে চীনা প্রতিনিধিদলের চট্টগ্রাম দর্শন

নিজেদের অর্থায়নে চট্টগ্রামে একটি স্বয়ংসম্পূর্ণ বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইউনিট প্রতিষ্ঠা করতে আগ্রহ দেখিয়েছে চীন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2016, 09:33 PM

Updated : 11 Oct 2022, 08:43 PM

সোমবার চীন সরকারের উচ্চ পর্যায়ের কারিগরি ক্ষমতাসম্পন্ন একটি দল বার্ন ইউনিটের সম্ভাব্য স্থান নির্ধারণে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ক্যাম্পাস পরিদর্শন করেছে।

পরিদর্শনের সময় চীনা প্রতিনিধি দলের সঙ্গে থাকা চট্টগ্রাম মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জালাল উদ্দিন বলেন, বার্ন ও প্ল্যাস্টিক সার্জারি ইউনিট স্থাপনে চীনা প্রতিনিধি দলকে আমরা তিনটি স্থান দেখিয়েছি।

“প্রতিনিধি দলটি হাসপাতালের বিদ্যুৎ, পানি ও জেনারেটর সুবিধাসমূহ সরেজমিনে দেখেছেন। আমরা ৫০০ শয্যার একটি বার্ন ও প্ল্যাস্টিক সার্জারি ইউনিট করার প্রস্তাব তাদের দিয়েছি।”

তিনি বলেন, “চট্টগ্রামের জনসংখ্যা ও দ্রুত শিল্পায়নের কারণে এখানে একটি স্বয়ংসম্পূর্ণ বার্ন ও প্ল্যাস্টিক সার্জারি ইউনিট প্রয়োজন বলে আমরা তাদের জানিয়েছি।”

চট্টগ্রামে একটি স্বয়ংসম্পূর্ণ বার্ন ও প্ল্যাস্টিক সার্জারি ইউনিট প্রতিষ্ঠায় গত চার বছর ধরে কাজ করে যাওয়া অধ্যাপক ডা. সামন্ত লাল সেনও ছিলেন চীনা প্রতিনিধি দলের সাথে।

এরই ধারাবাহিকতায় চীনা দলটি চট্টগ্রাম পরিদর্শন করছে।

ডা. সামন্ত লাল সেন উপস্থিত সাংবাদিকদের বলেন, চীন নিজস্ব অর্থায়ন ও কারিগরি সহায়তায় একটি স্বয়ংসম্পূর্ণ বার্ন ও প্ল্যাস্টিক সার্জারি ইউনিট করতে চায়।

ঋণ নয় বরং অনুদান হিসেবে চীন এ অর্থায়ন করবে বলে জানান ডা. সামন্ত লাল সেন।

আট সদস্যের চীনা প্রতিনিধি দলে ছিলেন চীন সরকারের অবকাঠামো বিষয়ক জ্যেষ্ঠ প্রকৌশলী লিউ চ্যান, জ্যেষ্ঠ প্রকৌশলী (মেডিকেলটেকনোলজি) জু ইংজিং, এবং জ্যেষ্ঠ প্রকৌশলী (কনস্ট্রাকশন) মাও কুনইয়াং।