২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টিকা দিয়ে অর্থ নেওয়ার সময় স্বাস্থ্যকর্মী ধরা

টিকাদান কর্মসূচিতে অতিরিক্ত টাকা আদায় করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) এক স্বাস্থ্যকর্মী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2016, 07:36 PM

Updated : 20 Aug 2022, 01:41 PM

সোমবার নগরীর পাঁচলাইশ এলাকার মেয়রগলির আরবান হেলথ সেন্টারে নাজিম উদ্দিন নামে ওই স্বাস্থ‌্যকর্মীকে হাতেনাতে ধরেন সিসিসি’র চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মোরশেদ আলম।

এই জনপ্রতিনিধি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টিকা দেওয়ার জন্য সিসিসি’র নির্ধারিত ফি ১০ টাকা হলেও নাজিম ১০০ টাকা করে আদায় করছিলেন।

 

“ওই স্বাস্থ্যকেন্দ্র থেকে লোকজন ফোনে আমাকে অতিরিক্ত টাকা আদায়ের ব্যাপারে জানালে আমি সেখানে গিয়ে তার ড্রয়ারে আদায়কৃত অতিরিক্ত টাকার হাতেনাতে প্রমাণ পাই।”

“রেজিস্ট্রার বইয়ে ৩০ জনকে টিকা দেওয়ার কথা উল্লেখ ছিল। নির্ধারিত ফি আদায়ে টাকার পরিমাণ হবে ৩০০ টাকা। কিন্তু ড্রয়ার খুলে দেখি ওখানে প্রায় তিন হাজার টাকার মতো আছে।”

এত টাকা কোত্থেকে এল তার কোনো সদুত্তর স্বাস্থ্যকর্মী নাজিম দিতে পারেননি, বলেন কাউন্সিলর মোরশেদ।

সিসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ আমরা পেয়েছি। অভিযোগ প্রমাণিত হলে চাকরিবিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”