চট্টগ্রামে কিশোরের লাশ উদ্ধার
চট্টগ্রামের পটিয়ায় এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে, যাকে আগের রাতে ফোন করে ডেকে নেওয়া হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
নিহত আরমান হোসেন (১৮) রাজমিস্ত্রির কাজ করতেন। তিনি কচুয়া ইউনিয়নের কথাগ্রামের মফিজুরের রহমানের ছেলে।
রোববার ওই গ্রাম থেকেই পুলিশ তার লাশ উদ্ধার করে বলে পটিয়া থানার এসআই ফারুক আহমদ জানান।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “শনিবার রাত ৩টার দিকে ফোন পেয়ে ঘর থেকে বের হয় আরমান। সকালে বাড়ির কাছে দীঘিরপাড় এলাকায় তার লাশ পাওয়া যায়।”
এসআই ফারুক বলেন, আরমানের নাকেমুখে রক্ত, মাথা ও বুকে জখম এবং পায়ের পাতা ও আঙুলে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
“প্রাথমিকভাবে পাওয়া তথ্য থেকে আমাদের ধারণা, প্রেমঘটিত ব্যাপার নিয়ে বিরোধের জেরে আরমানকে খুন করা হয়েছে।”
আরমানের খুনিদের গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে বলে এসআই ফারুক জানান।
