চট্টগ্রামে কন্টেইনার ডিপোর কর্মকর্তা নিখোঁজ
চট্টগ্রামের একটি বেসরকারি কন্টেইনার ডিপোর কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী (৪৮) তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন।
সীতাকুণ্ড উপজেলার শীতলপুর এলাকার বিএম কন্টেইনার ডিপোর ব্যবস্থাপক (প্রশাসন) ফজলুল সোমবার নিখোঁজ হন বলে নগরীর আকবর শাহ থানায় প্রতিষ্ঠানটির পক্ষে করা জিডিটি বলা হয়েছে।
থানার ওসি সদীপ কুমার দাশ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার বিকালে কন্টেইনার ডিপোটির ডিজিএম নুরুল আক্তার বাদী হয়ে জিডিটি করেন।
বিষয়টি পুলিশ তদন্ত করছে বলেও জানান তিনি।
জিডিতে বলা হয়েছে, ফজলুল সোমবার বিকাল ৩টার দিকে কন্টেইনার ডিপো থেকে গাড়িতে করে নগরীর একে খান এলাকায় যাওয়ার পর তার মোবাইল ফোন দুটি বন্ধ পাওয়া যায়।
তারপর থেকে পরিবারের সদস্যরাও তার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করতে পারছেন না।
