বিকাল ৪টার মধ্যে বর্জ্য সরাবে সিসিসি
ঈদের দিন বিকাল ৪টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।
মঙ্গলবার সকাল ৯টা থেকে বন্দরনগরী চট্টগ্রামের ৪১টি ওয়ার্ডে বর্জ্য অপসারণে চার হাজার শ্রমিক-কর্মচারী কাজ শুরু করবে বলে সিসিসির প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বিকাল ৪টার মধ্যেই নগরীর বিভিন্ন এলাকায় জবাইকৃত পশুর বর্জ্য অপসারণ শেষ করা যাবে বলে আশা করছি।”
চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।
শফিকুল মান্নান বলেন, পশু জবাইয়ের পর করপোরেশনের কর্মীরা বর্জ্য অপসারণ করবে এবং দুর্গন্ধ ছড়ানো ঠেকাতে ব্লিচিং পাউডার ছিটাবে।
বর্জ্য অপসারণ কাজে সিসিসির ১৮০টি গাড়ি ব্যবহার বলে জানা গেছে।
বর্জ্য অপসারণ ব্যবস্থাপনা তদারকি করতে করপোরেশনকে চারটি জোনে ভাগ করে চারজন ওয়ার্ড কাউন্সিলরকে দায়িত্ব দেওয়া হয়েছে।
নগরীর কোথাও কোরবানির পর বর্জ্য রয়ে গেলে তা নিয়ন্ত্রণকক্ষে ফোন করে অবহিত করতে বলা হয়েছে।
নিয়ন্ত্রণকক্ষের নম্বরগুলো হল- ০৩১-৬৩০৭৩৯, ০৩১-৬৩৩৬৪৯ অথবা ০১৭১২-২৫২৬১৫, ০১৬৭৫-২১৮৪৮৫, ০১৭১৫-৬৭৬৭৭০।
রোববার সিসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মেয়র আ জ ম নাছির উদ্দিন মঙ্গলবার বিকালের মধ্যে বর্জ্য অপসারণের কড়া নির্দেশ দেন।
