২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উদ্যোক্তা হতে ঝুঁকি নাও, তরুণদের ইউজিসি চেয়ারম্যান

তরুণদের ঝুঁকি নিয়ে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান।  

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2016, 07:51 PM

Updated : 20 Aug 2022, 01:39 PM

শনিবার চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) আয়োজিত এক সেমিনারে তরুণদের উদ্দেশে তিনি বলেন, “উদ্যোক্তা হলে ঝুঁকি নিতে হবে, নতুন কিছু করতে হবে। যিনি ঝুঁকি নেন, তিনিই উদ্যোক্তা।

“ঝুঁকি না নিয়ে কেউ কখনো উদ্যোক্তা হতে পারেনি। তাই উদ্যোক্তা হতে হলে নিঁখুত লক্ষ্যে ঝুঁকি নিতে হবে।”

পারিবারিক ব্যবসায় সফলতা অর্জনে অগ্রজ ব্যবসায়ীদের ইতিহাস জানার উপর গুরুত্বারোপ করেন অধ্যাপক মান্নান।

নগরীর জামালখান ক্যাম্পাসে ‘ফ্যামিলি বিজনেস অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ: ট্রানজিশন টু করপোরেট বিজনেস ইন বাংলাদেশ’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে সিআইইউ।

এতে দেশের শীর্ষস্থানীয় কয়েকজন উদ্যোক্তার উদাহরণ টেনে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান বলেন, তারা ঝুঁকি নিয়েছিলেন বলে উদ্যোক্তা হতে পেরেছিলেন।

“পারিবারিকভাবে উদ্যোক্তা হতে হলে অগ্রজদের ইতিহাস সম্পর্কে জানতে হবে ভালো করে। আমাদের সৌভাগ্য যে জনসংখ্যার অধিকাংশই তরুণ। এ তরুণদের দক্ষ করে গড়ে তুলতে হবে।”

দেশের অর্থনীতি কৃষি নির্ভরতা থেকে সার্ভিস সেক্টরের দিকে ধাবিত হচ্ছে বলে আরও বেশি উদ্যোক্তা প্রয়োজন বলে জানান আব্দুল মান্নান।

সিআইইউ’র ‍উপাচার্য অধ্যাপক মাহফুজুল হক বলেন, ঐতিহ্যগতভাবে বাংলাদেশের বেশিরভাগ ব্যবসা পরিবারভিত্তিক, যার বেশিরভাই করপোরেট ব্যবসায় রুপান্তরিত হতে পারেনি।

“গতানুগতিক এ ব্যবসা করপোরেটে রুপান্তরিত হতে গিয়েও নানা বাঁধার ‍মুখোমুখী হয়। ফলে বার্ষিক প্রবৃদ্ধি হারে এক ধরনের স্থবিরতা বিরাজ করে।”

চট্টগ্রামকে ব্যবসার নগরী মন্তব্য করে সেমিনারে দৈনিক আজাদীর সম্পাদক আবদুল মালেক বলেন, এ অঞ্চলের রয়েছে হাজার বছরের এতিহ্য।

“চট্টগ্রামে চানমিঞা সওদাগর, নুর আলী সওদাগর ও হাজী দুলা মিঞা সওদাগরের মত ব্যবসায়ীদের জন্ম হয়েছে। বর্তমানে অনেক পরিবারের দুরাবস্থা চলছে।”

তিনি দৈনিক আজাদীকে করপোরেট হাউজে রুপান্তরিত করার ঘোষণা দেন অনুষ্ঠানে।

সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল’র ডিস্ট্রিক্ট গভর্নর মো. মোস্তাক হোসেন, সিকম গ্রুপের কর্ণধার আমিরুল হক, চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ, মোস্তফা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জহির উদ্দিন, সিপিডিএল’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ইফতেখার হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন বারকোড রেস্টুরেন্টের কর্ণধার মনজুরুল হক, পিএইচপি গ্রুপের পরিচালক মোহাম্মদ আলী হোসেন, মেরিডিয়ান গ্রুপের পরিচালক আকিব কামাল ও নর্থওয়েস্ট গ্রুপের পরিচালক জালাল আহমদে রুম্মান।