আবাসিক এলাকা ছাড়তে হবে চট্টগ্রামের ২৪ বাণিজ্যিক প্রতিষ্ঠানকে
চট্টগ্রামের ২৪টি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে চান্দগাঁও আবাসিক এলাকা থেকে সরে যেতে তিন মাস সময় দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার ওই এলাকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) অভিযানে চার বাণিজ্যিক প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
চান্দগাঁও আবাসিক এলাকার এ-ব্লকে এই অভিযানের নেতৃত্ব দেন সিডিএ-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট খিন ওয়ান ন্যু।
ওই এলাকার দারুল ইরফান হিফজুল কোরান মাদ্রাসার প্রধান হাসিনা বেগমকে ২০ হাজার টাকা, দুই মুদি দোকানকে পাঁচ হাজার করে ১০ হাজার টাকা এবং একটি এনজিওকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন তিনি।
ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. ফয়েজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই এলাকার হাসপাতাল, ফার্মেসি, বিউটি পার্লার, শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ২৪টি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে সরে যাওয়ার জন্য তিন মাসের সময় দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।”
আবাসিক এলাকা থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠান সরিয়ে নিতে এটি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের দ্বিতীয় অভিযান বলে জানান তিনি।
