২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিবাদ প্রতিহতে নারীদের এগিয়ে আসার আহ্বান

সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় দেশের নারী সমাজকেই এগিয়ে আসার আহ্বান এসেছে চট্টগ্রামের জঙ্গিবাদবিরোধী এক নারী সমাবেশ থেকে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2016, 09:55 PM

Updated : 12 Apr 2022, 02:48 AM

শুক্রবার বিকালে চট্টগ্রামের পটিয়া পৌরসভার মাঠে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী এই নারী সমাবেশের আয়োজন করে পটিয়া বঙ্গমাতা ফজিলাতুন্নেছা দুঃস্থ মহিলা কেন্দ্র।

এতে পরিকল্পনা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সামশুল হক চৌধুরী বলেন, বাঙ্গালি বীরের জাতি। তারা কখনো কোনো ধর্মান্ধ-উগ্রবাদী গোষ্ঠীর কাছে মাথানত করেনি।

“এখনও তারা সন্ত্রাসী কোনো গোষ্ঠীর কাছে মাথানত করবে না। সন্ত্রাসীরা কুলাঙ্গার-দানব, তারা মানুষ নয়। এসব জঙ্গিবাদী সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে।”

নারীদের উদ্দেশে সাংসদ সামশুল হক বলেন, “আমার-আপনার সন্তান কোনো সন্ত্রাসীর ষড়যন্ত্রে বিপথগামী হচ্ছে কি না তা লক্ষ্য রাখতে হবে মায়েদের। আপনাদের এগিয়ে আসতে হবে।

“নারীরা এগিয়ে এলেই সন্ত্রাস-জঙ্গিবাদ সমূলে উৎপাটন করা সম্ভব হবে।”

সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি মাজেদা বেগম শিরু বলেন, সন্তানদের পারিবারিক ও সামাজিক শিক্ষা হয় পরিবারে। মা সচেতন থাকলে কোনো সন্তানের পক্ষেই বিপথগামী হওয়া সম্ভব নয়।

“গ্রামের নারীরা এখন অনেক সচেতন। তাদের সক্রিয় অংশগ্রহণেই বাংলাদেশের তৃণমূল পর্যন্ত জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধ করা সম্ভব।”

নারী সমাবেশে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের নারী শিক্ষক, ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার, পৌরসভার নারী কাউন্সিলর এবং বিভিন্ন গ্রামের গৃহিনীসহ প্রায় এক এক হাজার নারী অংশ নেন।

সংগঠনের সাধারণ সম্পাদক ইনসানা নাছরিনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আ ক ম সামশুজ্জামান, পটিয়া পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ প্রমুখ।

সমাবেশ শুরুর আগে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী একটি র‌্যালি পৌর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।