২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের উন্নয়নে সহযোগী হতে চায় ভারত

চট্টগ্রামের উন্নয়নে সহযোগী হতে আগ্রহ প্রকাশ করেছে ভারত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2016, 07:51 PM

Updated : 20 Aug 2022, 01:34 PM

বৃহস্পতিবার নগর ভবনে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এ আগ্রহ প্রকাশ করেন দেশটির ডেপুটি হাই কমিশনার আদর্শ সোয়াইকা।  

সাক্ষাতে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ডেপুটি হাই কমিশনার সোয়াইকা বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। ভারত বাংলাদেশের পাশে আছে, থাকবে।

চট্টগ্রাম শহরের বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ সিস্টেম, টু ইন ওয়ান সিটিসহ সিসিসি’র প্রকল্পগুলোতে সহযোগী হতে আগ্রহ প্রকাশ করেন এই কূটনীতিক।

সিসিসি’র গৃহীত নানা পদক্ষেপের প্রশংসা করেন ডেপুটি হাই কমিশনার। এসব পদক্ষেপের মধ্য দিয়ে চট্টগ্রাম একটি বিশ্বমানের নগরীতে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নগর ভবনে এ সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন ভারতের সহকারী হাই কমিশনার সোমনাথ হালদার।

নগর ভবনে এ দুই অতিথিকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।

সাক্ষাতে মুক্তিযুদ্ধের সময় ভারতের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করে আ জ ম নাছির উদ্দিন বলেন, “বাংলাদেশের স্বাধীনতার জন্য ভারতের সেনাবাহিনীর বহু সদস্য জীবন উৎসর্গ করেছেন যা ইতিহাসে বিরল ঘটনা।”

সাম্প্রতিক সময়ে মাথাচাড়া দিয়ে উঠা জঙ্গিবাদকে দুই দেশের জন্যই হুমকি আখ্যায়িত করে জঙ্গিবাদ নির্মূলে ভারত-বাংলাদেশকে সজাগ দৃষ্টি রাখতে হবে বলে মন্তব্য করেন সিটি মেয়র।

সাক্ষাতে অন্যদের মধ্যে সিসিসি’র ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকতা কাজী আবুল হোসেন, সিটি মেয়রের একান্ত সচিব মো. মঞ্জুরুল ইসলাম এবং শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর নাজমুল হক ডিউক উপস্থিত ছিলেন।