২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মীর কাসেমের ফাঁসির অপেক্ষায় চট্টগ্রামের নির্যাতিতরা

একাত্তরের ঘাতক বদর বাহিনীর চট্টগ্রামের কমান্ডার যদ্ধাপরাধী মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ হওয়ায় এখন তার ফাঁসি দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন মুক্তিযুদ্ধের সময় তার হাতে নির্যাতিতরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2016, 01:10 PM

Updated : 11 Oct 2022, 08:40 PM

প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ মঙ্গলবার রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে তারা এই রায়কে ‘চূড়ান্ত বিজয়’ বলে উল্লাস তারা উচ্ছ্বাস প্রকাশ করেন।

একাত্তরে মীর কাসেম আলীর টর্চার সেল চট্টগ্রামের ডালিম হোটেলে তার ও তার সহযোগীদের হাতে নির্যাতিত মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম চৌধুরী এটাকে ‘বড় প্রাপ্তি’ বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “একাত্তরে সে (মীর কাসেম) জঘন্য অপরাধ করেছে। সে তার কৃতকর্মের উচিত শিক্ষাই পেয়েছে। সহসাই তার ফাঁসি কার্যকর হওয়া দরকার।”

জামায়াতে ইসলামীর অন্যতম অর্থ যোগানদাতা মীর কাসেমের সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানান মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর।

Image
জাহাঙ্গীর চৌধুরী

জাহাঙ্গীর চৌধুরী

একাত্তরে নভেম্বরের শেষ দিকে চট্টগ্রাম শহরের কদমতলী এলাকা থেকে জাহাঙ্গীর চৌধুরীকে ধরে নিয়ে যায় মীর কাসেম আলী ও তার সহযোগীরা। ডালিম হোটেলে অন্য বন্দীদের সঙ্গে তার উপরও ব্যাপক নির্যাতন চালানো হয়, যার বিবরণ ট্রাইব্যুনালে মীর কাসেমের বিরুদ্ধে সাক্ষ্যেও তুলে ধরেছেন তিনি।

মীর কাসেমের নির্যাতনের শিকার অপর মুক্তিযোদ্ধা সৈয়দ মোহামদ এমরান বলেন, “আজ আমার সত্যিকারের বিজয় হয়েছে। একাত্তরের ১৬ ডিসেম্বর দেশ স্বাধীনের পর সেই ডালিম হোটেল থেকে মুক্তি পেলেও মনে দুঃখ রয়ে গেছিল। মনে হয়েছিল সত্যিকারের বিজয় পাইনি। আজ চূড়ান্ত রায়ের পর কুখ্যাত এ যুদ্ধাপরাধীর ফাঁসির পথে আর কোনো বাধা রইল না।

“আমি বিজয়ের আনন্দ আনন্দিত। চট্টগ্রামে মীর কাসেম যে নির্যাতন ও হত্যা করেছে তার এ পরিণতিই যথাযথ। দ্রুত ফাঁসি কার্যকর হবে সেটাই প্রত্যাশা।’’

রিভিউ খারিজের রায়ে ‘জাতি কলঙ্কমুক্ত হল’ বলে মন্তব্য করে ডালিম হোটেলে নির্যাতিত মুক্তিযোদ্ধা সাংবাদিক নাসির উদ্দিন চৌধুরী বলেন, “মীর কাসেমের ফাঁসির রায় বহাল আছে এতে আমি স্বস্তি বোধ করছি।

Image
নাসির উদ্দিন চৌধুরী

নাসির উদ্দিন চৌধুরী

“এটি প্রত্যাশিত রায় ছিল। জাতির প্রত্যাশা পূরণ হয়েছে। মীর কাসেমের হাতে নির্যাতিত হিসেবে তার মৃত্যুদণ্ড দ্রুত কার্যকরের প্রত্যাশায় আছি।”

২০১৪ সালের ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াতে ইসলামীর মজলিশে শুরার সদস্য মীর কাসেমকে যুদ্ধাপরাধের দায়ে সর্বোচ্চ সাজার যে রায় দিয়েছিল, গত ৮ মার্চ আপিলের রায়েও তা বহাল থাকে।

ওই রায় পুনর্বিবেচনার জন্য একাত্তরের ঘাতক বদর বাহিনীর নেতা মীর কাসেমের করা আবেদনও মঙ্গলবার খারিজ করে দেয় আপিল বিভাগ।

এখন মীর কাসেমের সামনে থাকল কেবল রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার সুযোগ। ৬৩ বছর বয়সী এই জামায়াত নেতা এখন গাজীপুরের কাশিমপুর কারাগারের কনডেম সেলে রয়েছেন।

রাষ্ট্রপতির ক্ষমা না পেলে সরকার দিনক্ষণ ঠিক করে কারা কর্তৃপক্ষকে তার ফাঁসি কার্যকরের নির্দেশ দেবে।

আর তিনি ক্ষমা না চাইলে কারা কর্তৃপক্ষ যে কোনো সময় দণ্ড কার্যকর করতে পারবে।

এদিকে চট্টগ্রামের এই কুখ্যাত যুদ্ধাপরাধীর ফাঁসির দণ্ড বহাল থাকায় গণজাগরণ মঞ্চ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠন আনন্দ মিছিল ও সমাবেশ করে।