২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোনার বার চোরাচালানের দায়ে জেল-জরিমানা

সোনার বার চোরাচালানের অভিযোগে চট্টগ্রামে এক ব্যক্তিকে সাত বছরের কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড দিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2016, 05:52 PM

Updated : 20 Aug 2022, 01:29 PM

রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহে নূর এ রায় দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মহানগর পিপি ফখরুদ্দিন চৌধুরী।

দণ্ডপ্রাপ্ত মো. নাইম ফটিকছড়ির জাহানপুর এলাকার আলী আহমদের ছেলে। ওমান থেকে দেশে ফেরার সময় চট্টগ্রামের বিমানবন্দরে সোনার বার নিয়ে গ্রেপ্তার হন তিনি; জামিনে বের হওয়ার পর থেকে রয়েছেন পলাতক।

ফখরুদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোনার বার চোরাচালানের অভিযোগ প্রমাণিত হওয়ায় মো. নাইম নামের ওই লোককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশও দিয়েছেন বিচারক।

মামলার বিবরণে জানা গেছে, নাইম ২০০৮ সালের ২৩ জুন ওমান থেকে দেশে ফেরার সময় চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে ১৫টি সোনার বারসহ তাকে গ্রেপ্তার করে কাস্টমস কর্মকর্তারা।

এ ঘটনায় কাস্টমস কর্মকর্তা আসাদুজ্জামান বাদী হয়ে একটি মামলা করেন। ২০০৮ সালের ১৯ জুন মামলায় অভিযোগপত্র দেওয়া হয় এবং ১৮ অগাস্ট নাইমের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়।