রামপাল বিদ্যুৎকেন্দ্র রুখতে রাজনৈতিক ঐক্যের আহ্বান
সুন্দরবনের পাশে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ রুখতে সাধারণ মানুষের পাশাপাশি দেশপ্রেমিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির চট্টগ্রাম শাখা।
শনিবার বিকালে নগরীর স্টুডিও থিয়েটার মিলনায়তনে সুন্দরবন ‘ধ্বংসকারী’ রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে আয়োজিত এক অবস্থান কর্মসূচি থেকে এ আহ্বান জানানো হয়।
কমিটির চট্টগ্রাম শাখার আহ্বায়ক কবি ও সাংবাদিক আবুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন স্থপতি জেরিনা হোসেন ও প্রকৌশলী সুভাষ বড়–য়া।
কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেন, রামপালের মাধ্যমে অনেক বিদ্যুৎ পেলেও তার বিনিময়ে ক্ষতি হবে মুল্যবান সুন্দরবনের। সম্পদের কি মূল্যায়ন হবে তা করতে গিয়ে বিশেষজ্ঞ ও প্রযুক্তিবিদদের একটি অংশ বিনিয়োগকারীদের পক্ষে কথা বলছেন।
সুন্দরবন রক্ষাকে সাংস্কৃতিক ও রাজনৈতিক ইস্যু উল্লেখ করে তিনি দেশপ্রেমিক রাজনৈতিক ব্যক্তিদের এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
উন্নয়নের খারাপ দিক আছে মন্তব্য করে সভায় প্রকৌশলী সুভাষ বড়–য়া বলেন, যে উন্নয়ন পরিকল্পিত না তা টেকসই হয় না এবং তা জনগণের জন্য কল্যাণকর নয়। এজন্য সুন্দরবন রক্ষায় দেশপ্রেমিক শক্তির ঐক্যবদ্ধ হওয়া জরুরি।
অন্যদের মধ্যে জাতীয় কমিটি চট্টগ্রাম শাখার সদস্য সচিব প্রকৌশলী দেলোয়ার মজুমদার, ওয়ার্কাস পার্টি চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক শামসুদ্দিন খালেদ সেলিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আতিকুর রহমান, সিপিবি চট্টগ্রাম জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য অমৃত বড়ুয়া, বাসদ (মাক্সবাদী) চট্টগ্রামের সদস্য সচিব অপু দাশগুপ্ত, বাসদ চট্টগ্রামের সমন্বয়ক মঈন উদ্দিন, গণসংহতি আন্দোলনের হাসান মারুফ রুমি, সংস্কৃতিকর্মী সুনীল ধর বক্তব্য রাখেন।
