চট্টগ্রামে জাল নোট তৈরির সরঞ্জমসহ গ্রেপ্তার ১
চট্টগ্রামের পটিয়া থেকে জাল নোট তৈরির সরঞ্জমসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার গভীর রাতে পটিয়ার মনসা এলাকার বাদামতল থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নূরে আলম মিনা।
গ্রেপ্তার আজিজুল হক আজিম কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়া নালা গ্রামের আবদুস শুক্কুরের ছেলে।
পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ জাল নোট তৈরিতে ব্যবহৃত প্রিন্টার, ল্যাপটপ ও চার হাজার টাকার জাল নোটসহ আজিমকে গ্রেপ্তার করে।
কোরবানির ঈদ সামনে রেখে এসব জাল নোট তৈরি করা হয়েছিল বলে জানান তিনি।
“কোরবানির হাটে লেনদেনের সুযোগে এসব টাকা চালিয়ে দেওয়া হয়। তাই আমরা সতর্ক আছি যাতে কোরবানির সময় কেউ জাল টাকা বাজারে ছড়াতে না পারে,” বলেন পুলিশ সুপার।
