আইআইইউসি কর্তৃপক্ষকে দুষছে দুর্ঘটনায় নিহত নেহরিনের পরিবার
চট্টগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) ছাত্রীদের বহনকারী বাস দুর্ঘটনায় নিহত কাজী নেহরিনের পরিবার এজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দুষছে।
নিজস্ব বাসের পরিবর্তে ভাড়ায় নেওয়া বাসের কারণেই এই দুর্ঘটনা বলে অভিযোগ তাদের।
তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, `সময় স্বল্পতার' কারণে ছাত্রীদের যাতায়াতের জন্য পর্যাপ্ত সংখ্যক নিজস্ব বাসের ব্যবস্থা করতে পারেনি তারা।
গত ১১ অগাস্ট চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ সলিমপুর এলাকায় দুর্ঘটনায় পড়ে আইআইইউসির ছাত্রীদের বহনকারী বাসটি। বিশ্ববিদ্যালয়ের কুমিরা ক্যম্পাস থকে শহরের দিকে ফিরছিল সেটি।
এতে নিহত হন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সপ্তম সেমিস্টারর শিক্ষার্থী নেহরিন। আহত হন আরও অন্তত চার জন।
গত ৪ অগাস্ট আইআইইউসি’র সব ধরনের শিক্ষা কার্যক্রম কুমিরা ক্যাম্পাসে স্থানান্তরের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরআগে বিশ্ববিদ্যালয়টির সব বিভাগের ছাত্রীদের শিক্ষা কার্যক্রম নগরীর কয়েকটি আউটার ক্যাম্পাসে পরিচালিত হত।
নেহরিনের বাবা অবসরপ্রাপ্ত চিকিৎসক ডা. কাজী আলী আকবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রীদের যাতায়াতের পূর্ণাঙ্গ ব্যবস্থা না করেই কুমিরা ক্যাম্পাসে ক্লাস শুরুর ঘোষণা দেয়।
“আমরা তো সব কিছুর জন্য প্রয়োজনীয় ফি দিই। অন্য শিক্ষার্থীদের পরিবহনে বড় আকারের বাস থাকলে কারও কারও জন্য সেটা থাকবে না কেন? এক্ষেত্রে তাদের গাফিলতি ছিল। তাড়াহুড়ো না করে বাসের ব্যবস্থা করেই প্রয়োজনে ১০-১৫ দিন পর তারা ক্লাস শুরু করতে পারত।”
তিনি বলেন, “যেসব গাড়ি তারা ভাড়া করেছিল সেগুলোর ফিটনেস আছে কি না সেটা কি তারা বলতে পারবে? যেহেতু ছাত্রীরা ওই বাসে যাতায়াত করবে তাদের উচিত ছিল যথাযথ ব্যবস্থাপনা ও নিরাপত্তার ব্যবস্থা করা।”
নেহরিনের ভাই কাজী রিয়াসত আলভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যে গাড়িটি আমার বোনসহ অন্য ছাত্রীদের নিয়ে ফিরছিল সেটি সিটি সার্ভিসের বাস। বাস চালকের অদক্ষতা এবং নিয়ন্ত্রণহীন চালনাই দুর্ঘটনার কারণ।
“মহাসড়কে কী করে সিটি সার্ভিসের বাস চলাচল করে? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।”
তিনি বলেন, “বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষের যে কথা বলা হয়েছে, তা আমাদের কাছে বিশ্বাসযোগ্য নয়।”
এ বিষয়ে আইআইইউসি’র সহকারী পরিচালক (জনসংযোগ) মোসতাক খন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতারাতি ক্যাম্পাস স্থানান্তর কঠিন। ইউজিসির চাপের মুখে আমাদের সরে যেতে হয়েছে।
“রাতারাতি তো আর নতুন বাস কেনা সম্ভব না। তখনই বাস কেনার প্রক্রিয়া চলছিল।”
আইআইইউসি’র নিজস্ব ৩০টি বাস শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহৃত হয়। পাশাপাশি আরও ১০টি নতুন বাস কেনা ও ১০টি বিআরটিসির বাস ভাড়ায় নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান মোসতাক।
সিটি সার্ভিসের বাস দিয়ে ছাত্রী পরিবহনের অভিযোগের বিষয়ে তিনি বলেন, “আমার কাছে যে তথ্য আছে তা হলো, সেটি সিটি সার্ভিসের বাস নয়। তবে বাসটি ভাড়ায় নেওয়া হয়েছিল।”
দুর্ঘটনার বিষয়ে মোসতাক খোন্দকার বলেন, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সদস্যরাই বলেছে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছে।
সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে চালককে আসামি করে একটি মামলা করা হয়। পরে ১৪ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি অভিযোগ দেওয়া হয়েছে।
“একই ঘটনায় দুটি মামলা হয় না। তাই বিশ্ববিদ্যালয়ের অভিযোগটি মামলার সাথে সংযুক্ত হিসেবে রাখা হয়েছে।”
