চট্টগ্রামে জাতির জনকের প্রতি শ্রদ্ধা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার স্বজনরাসহ পঁচাত্তরের ১৫ অগাস্ট নিহতদের স্মরণ করেছে চট্টগ্রামবাসী।
বঙ্গবন্ধুর ৪১তম মৃত্যুবার্ষিকীর দিন সোমবার জাতীয় শোক দিবসের শুরুতেই নগরীর দারুল ফজল মার্কেটে দলীয় কার্যালয়ে নগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এসময় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ হাসনীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর পর চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র নাছিরের নেতৃত্বে বিশাল এক মানবপ্রাচীরে কর্মকর্তা-কর্মচারীরা ছাড়াও শিক্ষার্থী ও জনসাধারণও অংশ নেয়।
বেলা সাড়ে ১০টায় টাইগারপাস মোড়ে মানবপ্রাচীরে মেয়র বলেন, প্রায় ৪০ কিলোমিটার এলাকাজুড়ে মানবপ্রাচীরে আট হাজার কর্মকর্তা-কর্মচারী ও ৯০টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছে।
এছাড়া সকালে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্কিট হাউস থেকে শোকযাত্রা বের হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এদিকে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর পক্ষ থেকে জাতির জনকের সমাধিস্থল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মেজবানের আয়োজন করা হয়েছে।
