‘বঙ্গবন্ধুর রাষ্ট্রনায়কোচিত ভূমিকার মূল্যায়ন হচ্ছে না’
রাষ্ট্রনায়ক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাফল্যকে আরো বেশি করে আলোতে নিয়ে আসার আহ্বান এসেছে চট্টগ্রামের এক সভা থেকে।
বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার নগরীর জামালখান এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয় চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে (সিআইইউ) আয়োজিত এক অনুষ্ঠানে আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিআইইউ’র উপাচার্য অধ্যাপক মাহফুজুল হক।
তিনি বলেন, রাজনৈতিক নেতা হিসেবে বঙ্গবন্ধুকে যেভাবে মূল্যায়ন করা হয় রাষ্ট্রনায়ক হিসেবে ততটা মূল্যায়ন বঙ্গবন্ধুর হয়নি। এখন সময় এসেছে তার রাষ্ট্রনায়কোচিত ভূমিকাকে মূল্যায়ন করার।
“সদ্য স্বাধীন হওয়া যুদ্ধবিধ্বস্ত একটি দেশ যেখানে প্রশাসন বলতে কিছু ছিল না, যোগাযোগ ব্যবস্থা ছিল বিধ্বস্ত, সাধারণ মানুষের হাতে অস্ত্র থাকায় আইন শৃংখলা পরিস্থিতিও ছিল ভয়াবহ- এরকম অবস্থা থেকে তিনি দেশে শান্তি-শৃংখলা ফিরিয়ে আনেন।”
তাই বঙ্গবন্ধু বিশ্বের প্রথম সারির রাষ্ট্রনায়ক বলে মন্তব্য করেন তিনি।
“তার দৃঢ় ভূমিকায় ভারত সৈন্য প্রত্যাহার করে নেয়। বিশ্বের বিভিন্ন দেশের সাথে অল্প সময়ের মধ্যে বন্ধু্ত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে।”
সিআইইউ’র কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এম নুরুজ্জামান বলেন, বঙ্গবন্ধু তার জাতিকে এত বেশি ভালোবাসতেন কখনো ভাবতে পারেননি কেউ তার গায়ে হাত তুলতে পারে।
বঙ্গবন্ধুর সরলতার সুযোগে ষড়যন্ত্রকারীরা তাকে হত্যার নীলনকশা বাস্তবায়ন করতে পেরেছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিআইইউ’র ব্যবস্থাপনা ও এমআইএস বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী রশিদ এ চৌধুরী, মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান মোসলেহ উদ্দিন চৌধুরী খালেদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিআইইউ’র ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সরকার কামরুল মামুন।
