চট্টগ্রামে আসবাবপত্র কারখানায় আগুন, আহত ৭
চট্টগ্রামের চান্দগাঁও এর একটি আসবাবপত্র কারখানায় বার্নিশের স্পিরিট থেকে লাগা আগুনে সাত জন আহত হয়েছেন।
শুক্রবার রাতে বরিশাল কলোনির কাসেম মার্কেট এলাকায় একটি ছয় তলা ভবনের নিচ তলায় এ অগ্নিকাণ্ড হয় বলে ফায়ার সার্ভিস আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর রূপন কান্তি বিশ্বাস জানিয়েছেন।
তিনি বলেন, বার্নিশের জন্য রাখা স্পিরিটের বাতি থেকে আগুন লেগে অগ্নিকান্ডের সূত্রপাত হয়।
“ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে সাতজন আহত হন।”
আহতরা হলেন- বজলু মিয়া (৪০), রাশেদা বেগম (৩৫), মাজিদ (১৮), রায়হান (১০), তাহেরা বেগম (৫), মেহেদী (২৫) ও সালেমা বেগম (২০)।
এদের মধ্যে মেহেদী ও সালেমা বরগুনার, অন্যরা হবিগঞ্জের বাসিন্দা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম জানান, আহতদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
“তাদের অবস্থা তেমন গুরুতর নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।”
